মিসবাহ-আফ্রিদির কল্যাণে পাকিস্তানের ২১০

টসে জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন জুজু ভর করল পাকিস্তানের ব্যাটিংয়ে। নির্দিষ্ট করে বললে পাকিস্তানি ব্যাটিংয়ের ওপরের সারিতে। শুরুর বিপর্যয়ে পড়ে শেষ অবধি ধুঁকতে ধুঁকতে যে সংগ্রহটা স্কোরবোর্ডে তুলল মিসবাহ-বাহিনী, সেটাকে ঠিক লড়িয়ে সংগ্রহ বলা চলে না। সবচেয়ে বড় কথা, স্কোরবোর্ডে ২১০ রান উঠলেও পুরো ৫০ ওভার যে খেলতে পারেনি পাকিস্তান!
ব্যাটিং ব্যর্থতার দিনে ধন্যবাদ প্রাপ্য মিসবাহ উল হক আর শহীদ আফ্রিদির। এই দুজনের দুটো ফিফটিই যে আজ ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটিংকে বড় ধরনের লজ্জার হাত থেকে বাঁচিয়েছে। অধিনায়ক মিসবাহর ব্যাট থেকে এসেছে ৫৮। আর শেষ দিকে ২৯ বলে আফ্রিদির তোলা ৬৭ রানের ঝড় পাকিস্তানের সংগ্রহ ২০০ পেরিয়েছে। এই দুটো ইনিংস ছাড়া বাকি ব্যাটিংয়ের অবস্থা রীতিমতো তথৈবচ। বিশ্বকাপকে খুব সন্নিকটে রেখে ব্যাটসম্যানদের এমন পারফরম্যান্স কোচ ওয়াকার ইউনুসের কপালে চিন্তার বলিরেখা সৃষ্টির জন্য যথেষ্টই।
স্কোরবোর্ডে কোনো রান না তুলেই প্রথম উইকেটটি হারিয়েছিল পাকিস্তান। মোহাম্মদ হাফিজের ফেরার পর খুব দ্রুতই সাজঘরের পথ ধরেন আহমেদ শেহজাদ ও ইউনিস খান। প্রাথমিক এই বিপর্যয়ের পর চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলকে সঙ্গে নিয়ে অধিনায়ক মিসবাহ ৪৯ রানের একটি জুটি গড়লে শুরুর ধাক্কাটা সামলে ওঠে পাকিস্তান। সোহেল ২৩ রানে ফিরে গেলে পঞ্চম উইকেটে মিসবাহ লড়াই করেন উমর আকমলকে সঙ্গে নিয়ে। এই জুটি ৩২ রান তুলে বিচ্ছিন্ন হয়। ষষ্ঠ উইকেটে সরফরাজ খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি মিসবাহকে।
পাকিস্তানি ইনিংসের চমকটা অপেক্ষা করছিল সপ্তম উইকেট জুটিতে। দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান মিসবাহ ও আফ্রিদি মিলে এই জুটিতে তোলেন ৭১ রান। মজার ব্যাপার হচ্ছে, এই জুটিতে আফ্রিদির ৬২ রানের অবদানের বিপরীতে মিসবাহর অবদান ছিল মাত্র ৬।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট তুলে নিয়েছেন কাইল মিলস, ট্রেন্ট বোল্ট ও কোরি অ্যান্ডারসন। তবে কিউদের সেরা বোলার ছিলেন গ্র্যান্ট এলিয়ট। মাত্র ২৬ রানের বিনিময়ে তিনি তুলে নেন ৩ উইকেট। অ্যাডাম মিলনের সংগ্রহ একটি উইকেট।
এই প্রতিবেদন তৈরির সময় পাকিস্তানের রান তাড়া করতে নেমেছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ছিল ১০ ওভারে ১ উইকেটে ৫৭ রান। বিলওয়াল ভাট্টির বলে আহমেদ শেহজাদের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন ব্রেন্ডন ম্যাককালাম। সূত্র: এএফপি।