মিসরের নির্মম প্রতিশোধ
আমরা আবার আমাদের মর্যাদা ফিরে পেলামবক্তার নাম হোসনি মোবারক, মিসরের প্রেসিডেন্ট। আলজেরিয়াকে হারিয়ে মিসর আফ্রিকান নেশনস কাপের ফাইনালে ওঠার পরই তাঁর মুখ থেকে বেরোলো এই কথা। মিসর শিবিরে ঘুরেফিরে আসছিল একটি শব্দই—প্রতিশোধ! আলজেরিয়া প্রস্তুতি নিয়েছিল নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার। মিসর-আলজেরিয়া ম্যাচটি ঘিরে অ্যাঙ্গোলার বাতাসে উড়ছিল উত্তেজনার রেণু, যুদ্ধ-যুদ্ধ একটা গন্ধ নিয়েই শুরু হয়েছিল ম্যাচটি। কিন্তু যুদ্ধ আর হলো কই? একপেশে ম্যাচে আলজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিশোধ নিল মিসর। তবে আলজেরিয়াকে ৮ জন নিয়ে ম্যাচ শেষ করতে হওয়ায় সুবিধাও পেয়েছে ‘ফারাও’রা।ষষ্ঠবারের মতো আফ্রিকান-সেরার মুকুট পরতে আর মাত্র একটি বাধাই বাকি মিসরের। পরশু নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা ঘানাকে হারাতে হবে তাদের। একে একে ২০১০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া তিনটি দেশকে একে একে হারিয়ে আসায় মিসরের আত্মবিশ্বাস তুঙ্গস্পর্শীই। সত্যিই কীভাবে ম্যাচ জিততে হয় সেটা ভালোই জানা আছে মিসরের। পরশু আলজেরিয়াকে উড়িয়ে দিতে পারল তারা এ কারণেই। চার গোলের ব্যবধানে জিতলেও প্রথম গোল পেতে মিসরকে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে মিসরকে এগিয়ে দেন হোসনি আবদ্রাবু। রফিক হালিচে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল মিসর। আর আলজেরিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার দুই হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। আলজেরিয়া কোচ রাবাহ সাদানে মনে করেন এই লাল কার্ডই ম্যাচের টার্নিং পয়েন্ট।লাল কার্ড আরও দুটি দেখেছে আলজেরিয়া—দ্বিতীয়ার্ধের গোড়াতে দুই পায়ে ট্যাকল করে নাদির বেলহাজি এবং ৮৬ মিনিটে গোলরক্ষক ফাউজি হালিচে। এর আগেই অবশ্য মোহামেদ জিদান ও আবদেলশাফি ব্যবধান ৩-০ করেন। আর চতুর্থ গোলটি অন্তিম মুহূর্তে করেন ন্যাগি। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে। নিজেরা বিশ্বকাপে যেতে পারেনি, এই আলজেরিয়ার সঙ্গে প্লে-অফ ম্যাচেই বিসর্জিত হয়েছে মিসরের বিশ্বকাপ-ভাগ্য। এ কারণেই এই ম্যাচটিতে একটা প্রতিশোধ-স্পৃশা ছিল গতবারের চ্যাম্পিয়ন ‘ফারাও’দের। এএফপি।