মিসির রেকর্ড
ইতিহাস গড়লেন মিসি ফ্র্যাঙ্কলিন। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম নারী হিসেবে একটি আসরে ছয়টি সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের এই তরুণী। কাল যুক্তরাষ্ট্রকে ৪–১০০ মিটার মেডলি রিলে জিততে সাহায্য করেই রেকর্ড গড়েছেন ফ্র্যাঙ্কলিন। বার্সেলোনার হিলটপ পুলে রিলের প্রথম ব্যাকস্ট্রোক লেগে সাঁতরেছেন ১৮ বছর বয়সী এই সাঁতারু। এর আগে এবারের প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ২০০ মিটার ফ্রিস্টাইল এবং ৪–১০০ ও ৪–২০০ মিটার ফ্রিস্টাইল রিলের সোনাও জিতেছেন ফ্র্যাঙ্কলিন। স্বদেশি ট্রেসি ককিন ও অস্ট্রেলিয়ার লিবি ট্রিকেটের পাঁচ সোনার রেকর্ড ভেঙেছেন ফ্র্যাঙ্কলিন। মেয়েদের সাঁতারে বৈশ্বিক কোনো প্রতিযোগিতার এক আসরে ছয়টি সোনা এর আগে একজনই জিতেছেন। ১৯৮৮ সিউল অলিম্পিকে তৎকালীন পূর্ব জার্মানির ক্রিস্টিন অটো গড়েছিলেন সেই কীর্তি। ২০১১ সালে সাংহাইয়ে তিনটি সোনা জেতা ফ্র্যাঙ্কলিন বিশ্ব সাঁতারে সবচেয়ে বেশি নয়টি সোনা জয়ের ট্রিকেটের রেকর্ডেও ভাগ বসিয়েছেন। এদিকে কাল শেষ দিনে ১৫০০ মিটার ফ্রিস্টাইল জিতে ইতিহাসে ঢুকেছেন চীনের পুরুষ সাঁতারু সুন ইয়াংও। একই আসরে ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইল জেতার অস্ট্রেলিয়ার গ্রেট গ্র্যান্ট হ্যাকেটের (২০০৫) কীর্তি স্পর্শ করেছেন এই চৈনিক সাঁতারু। রয়টার্স।