মিয়া হ্যাম: নারী ফুটবলের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে দুরন্ত গতিতে ছুটছেন মিয়া হ্যাম
ফুটবল মাঠে দুরন্ত গতিতে ছুটছেন মিয়া হ্যাম

যে চুল বাঁধে, সে শুধু রাঁধেই না, খেলে ফুটবলও। তা-ও শখের ফুটবল নয়, প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলই। অনেক সময় সে নৈপুণ্যে পেছনে ফেলে দেয় পুরুষ ফুটবলারদেরও। অথচ ওই পুরুষ ফুটবলারদেরই কিন্তু আমরা তথাকথিত ‘তারকা’ হিসেবে চিনি, জানি। আন্তর্জাতিক নারী দিবসে এমন এক নারী ফুটবলারের কথা জানব, যিনি গোটা নারী ফুটবলের প্রতীক।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল কার? এই প্রশ্নের উত্তরে ফুটবলপ্রেমীদের মধ্যে পেলে-মুলার নিয়ে দ্বিধাবিভক্তি থাকলেও খুব কম লোকই হয়তো বলবেন নারী ফুটবলার অ্যাবি ওয়ামবাখের কথা। হয়তো প্রচার-প্রচারণার অভাবই তাঁদের আজও এই পাদপ্রদীপের আলো থেকে কিছুটা দূরেই রেখেছে। তবে পাদপ্রদীপের আলো যা-ই হোক না কেন, মাঠে খেলার যোগ্যতা বা দক্ষতায় তাঁরা মোটেই কম যান না পুরুষদের চেয়ে। জিদান, ফিগো, বেকহামরা যখন তাঁদের সময়ে বিশ্ব ফুটবলের প্রতীক হয়ে উঠেছেন, কাছাকাছি সময়েই তখন নারী ফুটবলের প্রতীক যুক্তরাষ্ট্রের মিয়া হ্যাম। তবে বেকহামরা যা পারেননি, তা-ই করে দেখিয়েছেন ম্যারিয়েল মার্গারেট ‘মিয়া’ হ্যাম।

মিয়া হ্যাম দুবার করে জিতেছেন ফিফা নারী বিশ্বকাপ এবং অলিম্পিক স্বর্ণপদক। গত বছরই স্বদেশি অ্যাবি ওয়ামবাখ ভেঙে দেওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন ছিলেন নারী-পুরুষ মিলিয়েই সবচেয়ে বেশি গোল করা ফুটবলার। ২০০১ সাল থেকে ফিফা বর্ষসেরা নারী পুরস্কার চালু হওয়ার পর প্রথম দুই বছরই তা ঘরে তোলেন মিয়া হ্যাম। ফিফার জীবিত শীর্ষ ১২৫ ফুটবলারের তালিকায় অন্তর্ভুক্ত মাত্র দুজন নারী ফুটবলারের একজন তিনি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সকার হল অব ফেম এবং ওয়ার্ল্ড ফুটবল হল অব ফেমেও প্রথম নারী খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে তাঁর নাম।

|১৯৭২ সালের যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় জন্ম মিয়া হ্যামের। যথাযথ চিকিত্সার মাধ্যমে পরে ঠিক হয়ে গেলেও বিখ্যাত ফুটবলার হওয়ার জন্য জন্মগ্রহণ করা মিয়া হ্যাম জন্ম নেন বাঁকা পায়ের পাতা নিয়ে। পরিবার বারবার ঠিকানা বদল করায় মিয়া হ্যামও ঘুরে বেড়ান নানা জায়গায়। এভাবে ঘুরতে ঘুরতে ইতালির ফ্লোরেন্সে গিয়ে ফুটবলের সঙ্গে পরিচয় ঘটে হ্যামের। পরবর্তী সময় পুরো পরিবারই খেলাটির সঙ্গে জড়িয়ে যায়।

অল্প বয়সেই হ্যাম খেলাধুলায় প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৮৭ সালে জাতীয় দলে যোগ দিয়েই হ্যাম হয়ে যান জাতীয় দলের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। ১৯৮৯ সালে লেইক ব্রাডক মাধ্যমিক স্কুলকে জেতান রাজ্য শিরোপা। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চারবার নর্থ ক্যারোলাইনা টার হিলসকে জেতান ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রমীলা শিরোপা। হ্যামের খেলা ৯৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতেই পরাজিত হয় নর্থ ক্যারোলাইনা!

১৯৯১ সালে অনুষ্ঠিত ফিফা নারী বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে যুক্তরাষ্ট্র। মাত্র ১৯ বছর বয়সেই মিয়া হ্যাম পান বিশ্বকাপ জয়ের স্বাদ। ১৯৯৫ সালের দ্বিতীয় আসরে যুক্তরাষ্ট্রকে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়। মূলত ফরোয়ার্ডার হলেও এই আসরে ডেনমার্কের সঙ্গে ম্যাচটিতে মূল গোলরক্ষক লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর হ্যাম কিছু সময়ের জন্যে পালন করেন গোলপোস্ট সামলানোর দায়িত্বও! শিরোপা জিততে না পারলেও হ্যাম সেবার হন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’।

তবে ১৯৯৫-এর বিশ্বকাপ দুঃখ ভুলতে হ্যামরা বেছে নেন পরের বছরের অলিম্পিককেই। ১৯৯৬-এর আটলান্টা অলিম্পিকেই প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয় প্রমীলা ফুটবল। বিশ্বকাপের মতোই অলিম্পিকেও প্রথম আসরেই স্বর্ণপদক জিতে নেন হ্যামরা। হ্যামের পর ১৯৯৯ সালে আরও একবার বিশ্বকাপ এবং ২০০৪ সালে অলিম্পিক স্বর্ণপদক জয় করেন। বিশ্বকাপ এবং অলিম্পিক মিলে সাতবার কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়ে চারবার চ্যাম্পিয়ন, একবার রানারআপ এবং দুবার তৃতীয় স্থান লাভ করা যুক্তরাষ্ট্র দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিয়া হ্যাম।

মাঠের এসব সাফল্যই হ্যামকে করে তোলে তাঁর প্রজন্মের ‘মোস্ট মার্কেটেবল ফিমেল প্লেয়ার’। ১৯৯৯ সালে যখন ১০৮ গোল করে বিশ্বরেকর্ড করেন, সে বছরই নাইকি তাদের করপোরেট চত্বরের সবচেয়ে বড় ভবনটি মিয়া হ্যামের নামেই নামাঙ্কিত করে। ছিলেন নাইকি, পেপসি, গ্যাটোরেডের মতো প্রতিষ্ঠানের পণ্যদূত। হ্যাম এফসি বার্সেলোনারও শুভেচ্ছাদূত।

মিয়া হ্যাম এমন এক সময়ের ফুটবলার, বিশ্ব যখন নারীদের ফুটবলার হিসেবে দেখতে শেখেনি। তাঁদের হাত ধরেই শুরু হয়েছে নারী ফুটবলের বিশ্বায়ন। ২০০৪ অলিম্পিকের পর ৩২ বছর বয়সে যখন অবসরের ঘোষণা দেন, ততদিনে হ্যামের নামের পাশে ১৫৮ গোলের বিশ্বরেকর্ড। ২০০৪-এ যখন অবসরে যান, ততদিনে অনেক দেশেই গড়ে উঠেছে পেশাদার নারী ফুটবল লীগ, শুরু হয়ে গেছে প্রমীলা ফুটবল বিশ্বকাপ, অলিম্পিকে সগর্ব অংশগ্রহণ। অনেক কিশোরী-তরুণী ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছে মিয়া হ্যামকে দেখেই।

সর্বকালের সেরা নারী ফুটবলার হিসেবে মিয়া হ্যামকে স্বীকৃতি দিতে কারও কারও দ্বিধা থাকলেও এ কথা সত্য যে, তাঁর সামগ্রিক অর্জন, জনপ্রিয়তা এবং প্রভাব পাল্টে দিয়েছে একুশ শতকের ফুটবলের প্রতিকৃতি, পুরুষতান্ত্রিক ফুটবলে প্রতিষ্ঠিত করে গেছেন নারীদের।