মিয়া হ্যামকে ছাড়িয়ে ওয়ামবাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটা ছিল হাতছোঁয়া দূরত্বে। পরশু নিউজার্সিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচের আগে মেয়েদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে মাত্র ২ গোল পিছিয়ে ছিলেন অ্যাবি ওয়ামবাখ। স্বদেশি মিয়া হ্যামের ১৫৮ গোলের রেকর্ড ভাঙতে যেন তর সইছিল না মেয়েদের বর্ষসেরা মার্কিন ফুটবলারের। ২৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করে পেছনে ফেললেন হ্যামকে। এরপর বিরতির ঠিক আগে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন ৪-০ গোলে। ৬১ মিনিটে কোচ তাঁকে উঠিয়ে না নিলে আর কটি গোল করতেন কে জানে! তাঁকে ছাড়া অবশ্য যুক্তরাষ্ট্র আর মাত্র একটি গোলই করতে পেরেছে, ম্যাচটা জিতেছে ৫-০ গোলে। এএফপি। ২০৭ ম্যাচে ২৬০ গোল দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ওয়ামবাখের। ১৯৮৭ থেকে ২০০৪ সালের মধ্যে ২৭৫ ম্যাচে ১৫৮ করেছিলেন হ্যাম। নয় বছর আগে অবসরে যাওয়া হ্যাম মাঠে উপস্থিত না থাকলেও উত্তরসূরি ও সাবেক সতীর্থকে অভিনন্দন জানাতে দেরি করেননি। তাৎক্ষণিক টুইটারে লিখেছেন, ‘অভিনন্দন, অ্যাবি ওয়ামবাখ! তোমার জন্য গর্ব হচ্ছে, বন্ধু। তুমি একজন যোদ্ধা ও সত্যিকারের চ্যাম্পিয়ন। উপভোগ করো।’