মিয়াঁদাদ-আকরাম বাহাস
ওয়াসিম আকরামের আবিষ্কর্তাই বলা যায় জাভেদ মিয়াঁদাদকে। নেটে বাঁহাতি পেসারকে দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল মিয়াঁদাদের। তারই ফল কদিনের মধ্যেই টেস্ট অভিষেক। অথচ সেই মিয়াঁদাদকেই কি না ‘অবিশ্বস্ত’ বলে দিলেন আকরাম! জাভেদ মিয়াঁদাদও দিব্যি ‘মুখ খোলার’ হুমকি দিয়ে দিলেন আকরামকে। তার মানে আবার লড়াই লেগে গেল!শুরুর ইতিহাস যা-ই হোক, মিয়াঁদাদের সঙ্গে আকরামের সম্পর্ক কখনোই খুব একটা উষ্ণ ছিল না। বরং ১৯৯৩ সালে মিয়াঁদাদের বিরুদ্ধে তথাকথিত বিদ্রোহের হোতা মনে করা হয় ওয়াসিমকেই। সেবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সফল সফর শেষ করে আসার পরও ওই ‘বিদ্রোহের’ কারণে অধিনায়কত্ব হারিয়েছিলেন মিয়াঁদাদ। প্রথমবারের মতো পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন ওয়াসিম আকরাম।অতীত নিয়ে এই ঘাঁটাঘাঁটির কারণ ওয়াসিম আকরামের সাম্প্রতিক মন্তব্য। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহাপরিচালক পদে কাজ করা জাভেদ মিয়াঁদাদের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বকালের অন্যতম সেরা পেসার, ‘আমার জাভেদ ভাইয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে। কিন্তু যখন দেখি, উনি প্রতি মাসে পিসিবির বেতন নিয়ে পিসিবিকেই হাস্যকর করছেন, তখন অবাক হই। আসলেই কি ওনার পিসিবির প্রতি কোনো বিশ্বস্ততা আছে!’ওয়াসিমের এই কথা শুনে চুপ থাকবেন, মিয়াঁদাদ কি আর তেমন লোক। পাকিস্তান ক্রিকেটের বড়ে মিয়া পাল্টা তোপ দেগে বলেছেন, তিনি মুখ খুললে আকরাম লুকানোর জায়গা পাবেন না। নিজের অননুকরণীয় ভঙিতে মিয়াঁদাদ বলেছেন, ‘কেউ নিজের বাবার বাবা হতে পারে না। আমি যদি মুখ খুলি, ১৯৯৬ সালের পর যারা ক্রিকেট খেলেছে, তারা মুখ দেখাতে পারবে না। আমি খোঁজ নিয়ে যদি দেখি ও (ওয়াসিম) এই কথাই বলেছে, তাহলে আমি অবশ্যই মুখ খুলব। আর আপনাদের বলে দিচ্ছি আমি জবাব দিলে ওয়াসিম আমার সামনে আসার সাহস পাবে না।’স্পষ্টতই ‘১৯৯৬ সালের পরের ক্রিকেটার’ ম্যাচ পাতানোসহ নানা বিতর্কে জর্জরিত ওয়াসিমদের সময়ের দিকে ইঙ্গিত করলেন মিয়াঁদাদ। সেই সঙ্গে বলে দিলেন, খেলোয়াড় ওয়াসিমের প্রতি তাঁর শ্রদ্ধার অভাব নেই। কিন্তু ওয়াসিমেরই উচিত ভেবে কথা বলা, ‘ওয়াসিমের (খেলোয়াড়ি) সামর্থ্য নিয়ে আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু কোনো কথা বলার আগে ওর উচিত শব্দগুলো সতর্কতার সঙ্গে বাছাই করা।’ ওয়েবসাইট।