মিয়াঁদাদকে নিয়ে ইন্তিখাবের আশা
শহীদ আফ্রিদির ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না। পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইনআপ মেরামত করতে জাভেদ মিয়াঁদাদকে ব্যাটিং কোচ হিসেবে চেয়েছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক। কিন্তু ব্যক্তিগত কারণে দায়িত্ব নিতে অপারগতা জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং গ্রেট। খবরটা আগেই প্রকাশিত হয়েছিল। কাল শুধু সেটা নিশ্চিত করলেন পাকিস্তানের ম্যানেজার ইন্তিখাব আলম।বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপের সেরা ২০ রান-সংগ্রহকারীর তালিকায় পাকিস্তানি নেই একজনও। বিশ্বকাপ থেকে দেশে ফিরেই আফ্রিদি তাই ব্যাটিং কোচ হিসেবে মিয়াঁদাদকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। শোনা যাচ্ছে, একসময় যে ওয়াকার ইউনুসকে কোচিং করিয়েছেন, তাঁর অধীনে কাজ করতে রাজি নন বলেই মিয়াঁদাদ ‘না’ করে দিয়েছেন। কাল লাহোরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ক্যাম্পে ইন্তিখাব বললেন, ‘নিশ্চিতভাবেই পাকিস্তান দলের একজন ব্যাটিং কোচ প্রয়োজন এবং বোর্ড মিয়াঁদাদকে প্রস্তাবও দিয়েছিল। তবে ব্যক্তিগত কারণে সে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে। তবে আমি নিশ্চিত, ভবিষ্যতে সে খেলোয়াড়দের সাহায্য করতে অবশ্যই এগিয়ে আসবে।’পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে মানা হয় মিয়াঁদাদকে। টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান-সংগ্রহকারী তো বটেই, ক্রিকেট ইতিহাসে তাঁর টেস্ট গড় কখনো ৫০-এর নিচে নামেনি। বর্তমানে পিসিবির মহাপরিচালক মিয়াঁদাদ এর আগে তিন মেয়াদে পাকিস্তানের কোচ ছিলেন। তবে কোনোবারই তাঁর শেষটা সুখকর হয়নি। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের আগে দলের প্রস্তুতিতে সাহায্য করেছিলেন। তবে ‘কোচ ওয়াকারই যথেষ্ট’ বলে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি।২ টেস্ট, ৫ ওয়ানডে ও ১ টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামীকালই ওয়েস্ট ইন্ডিজ রওনা হচ্ছে পাকিস্তান। যাওয়ার আগে দারুণ একটি সুখবর শুনেছেন ক্রিকেটাররা। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠায় দলের সব সদস্যকে ১০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে। গত পরশু বিশ্বকাপ দলকে দেওয়া সংবর্ধনায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। দলের সাপোর্ট স্টাফের প্রত্যেকে পাচ্ছেন ৫ লাখ রুপি করে। এএফপি।