মিয়াঁদাদের আহ্বান, শচীনের কাছ থেকে শেখো
যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ শিবিরের অভিজ্ঞ লড়াকু যোদ্ধা তিনি। কিন্তু প্রসঙ্গটা যেখানে শিক্ষা নেওয়ার মতো কিছু, সেখানে আবার প্রতিপক্ষ কী! তাই তো পাকিস্তানি ক্রিকেটারদের শচীন টেন্ডুলকারের কাছ থেকে শেখার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহাপরিচালক জাভেদ মিয়াঁদাদ।‘তাঁদের শচীনের কাছ থেকে শেখা উচিত। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক চোখধাঁধানো সেঞ্চুরি করে গেছেন, কিন্তু কখনোই নিজের পারফরম্যান্স বা অর্জন নিয়ে গর্ব করতে দেখা যায়নি এই তারকাকে। শচীন সত্যিকার অর্থেই পেশাদার। তাই আমাদের দলের যে কেউ তাঁর কাছ থেকে শিখতে পারে’—পিটিআইকে বলেছেন জাভেদ মিয়াঁদাদ।ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদির প্রতি আবার একটু বাড়তি পরামর্শ ১২৪টি টেস্ট খেলা মিয়াঁদাদের। অধিনায়কত্ব শিখতে ইমরান খানের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরামর্শ তাঁর। তিনি বলেছেন, ‘আফ্রিদি যেভাবে খেলছে, সেভাবে খেলা ঠিক হবে না। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো করে তাঁর শুরু করা উচিত।’