মিয়াঁদাদের চাপমুক্তির কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ, চাপ আর চাপ। মোহালিতে আজকের সেমিফাইনালের আগে সর্বাধিক আলোচিত শব্দ বোধ হয় এটিই। ম্যাচটি নিয়ে দুই দেশের গণমাধ্যম যে ধরনের ‘হাইপ’ তৈরি করেছে, তা নিয়ে চিন্তিত দুই দেশের অনেক সাবেক ক্রিকেটারই। তাঁদের শঙ্কা, গণমাধ্যমের ‘যুদ্ধংদেহী’ প্রচারণা ক্রিকেটকে না আবার ক্ষতিগ্রস্ত করে। চাপের মধ্যে পড়ে দুই দলের খেলোয়াড়েরা নিজেদের স্বাভাবিক খেলাটাই না আবার ভুলে যান!পাকিস্তানি ক্রিকেটে ‘বড়ে মিয়া’ হিসেবে খ্যাত সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ পাকিস্তান ক্রিকেট দলকে চাপমুক্ত হওয়ার দারুণ এক পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, এ মুহূর্তে পাকিস্তানি ক্রিকেটারদের উচিত সবকিছু বাদ দিয়ে নিজেদের প্রিয় গানগুলো বারবার শোনা। পরিস্থিতির বিচারে চমকপ্রদ এক পরামর্শই মনে হবে এটিকে। তাঁর মতে, আফ্রিদিদের উচিত খেলার চিন্তা বাদ দিয়ে কানে ইয়ার ফোন লাগিয়ে আরাম করা। মোহালির ম্যাচটি শুরু হওয়ার আগে ক্রিকেট থেকে কিছুক্ষণের জন্য হলেও বাইরে চলে যাওয়া নিজেদের পারফরম্যান্সের জন্যও উপকারী বলে মত দিয়েছেন এ সাবেক গ্রেট।‘ব্যাপারটি একবার ভেবে দেখা উচিত। মোহালির সেমিফাইনাল নিয়ে খেলোয়াড়দের ওপর যে চাপ তৈরি হয়েছে, তাতে কিছু সময়ের জন্য ক্রিকেটের বাইরে চলে গেলে ভালোই হয়। এ সময় খেলোয়াড়েরা একান্ত নিজেদের জগতে থেকে নিজেদের প্রিয় গানগুলো শুনতে পারে। যে গানগুলো মন ভালো করে দেয়, কিছুটা স্মৃতিকাতরতায় আক্রান্ত করে।’ জাভেদ মিয়াঁদাদের পরামর্শ।মিয়াঁদাদ মতে, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ভালো ভালো গান ছেড়ে রাখলেও উপকার পাওয়া যাবে। কারণ, এই ম্যাচে জিততে হলে চাপমুক্ত হওয়াটা খুবই জরুরি।নিজের খেলোয়াড়ি অভিজ্ঞতা থেকে মিয়াঁদাদ বলেন, ‘চাপ খেলোয়াড়দের নিঃশেষ করে দেয়। এটি স্বাভাবিক ক্রিকেটের অন্তরায়। আমার খেলোয়াড়ি জীবনেও এমন ম্যাচের আগে আমি বেশি করে গান শুনতাম। হালকা মেজাজের সুরেলা গানগুলো মাঝেমধ্যে চাপমুক্ত হতে সাহায্য করে।’মিয়াঁদাদের পরামর্শ পাকিস্তানি খেলোয়াড়েরা অনুসরণ করছেন কি না, কে জানে! রয়টার্স।