মিয়াঁদাদের চোখে 'পাক-ভারত' ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভেদ মিয়াঁদাদ
জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তানের বিশ্বকাপ গেরো তো খুললই না বরং আরও যেন কঠিনই হয়ে উঠল এই দুর্বোধ্য ধাঁধা। বিশ্বকাপের আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আরও একবার হার নিয়েই মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে। প্রায় একতরফা ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের স্বাদ দেওয়ার জন্য আর কত দিন অপেক্ষা করতে হবে পাকিস্তানকে? সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদের আশা, গেরোটা পাকিস্তান খুলতে পারবে এবারের বিশ্বকাপেই। ২০০৭ সালের মতো ভারত-পাকিস্তান আবারও ফাইনালে মুখোমুখি হবে বলেই স্বপ্ন দেখছেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান।
কাগজে-কলমে সত্যিই আছে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা। দুই দল একই গ্রুপে থাকার কারণে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। আর সেমিফাইনালে জিততে পারলে ৬ এপ্রিল মিরপুরে আবারও অনুষ্ঠিত হতে পারে ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু তার জন্য তো আগে গ্রুপ পর্বের বাধাটা পেরোতে হবে। মিয়াঁদাদ মনে করছেন প্রথম ম্যাচটা হারলেও এখনো ঘুরে দাঁড়ানোর পুরো সামর্থ্যই আছে পাকিস্তানের, ‘পাকিস্তান ভারতের কাছে হেরেছে কারণ তারা একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি। কিন্তু এটাও মনে রাখা দরকার যে তারা এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। আর আমরা হয়তো ভারত-পাকিস্তান ফাইনালও দেখতে পারি।’

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘটেছিল একই রকম ঘটনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি ভারতের কাছে হারলেও শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল পাকিস্তান। কিন্তু এবারের কাজটা বেশ কঠিনই হবে মোহাম্মদ হাফিজদের জন্য। ২ নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার জন্য তাদের বাকি তিনটি ম্যাচে মুখোমুখি হতে হবে গতবারের শিরোপা বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ, দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া ও স্বাগতিক বাংলাদেশের। পিটিআই