মিয়াঁদাদের বেয়াই-বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেটি আজ দিল্লিতে। অন্য অনেকের মতো ম্যাচটি মাঠে বসে দেখার কথা ছিল তাঁরও। কিন্তু জাভেদ মিয়াঁদাদ ভারতে আসছেন না। শেষ পর্যন্ত ভারত সরকার ভিসা দিতে রাজি হলেও ভারত সফরের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন ‘বড়ে মিয়াঁ’। এদিকে, মিয়াঁদাদ না এলেও তাঁকে ভিসা দেওয়ায় ভারতে সমালোচনা থেমে নেই। দাউদ ইব্রাহিমের বেয়াই মিয়াঁদাদের ভিসা নিশ্চিত করায় সরকারের ওপর বেজায় চটেছে ভারতের প্রধান বিরোধী দল বিজেপি ও শিবসেনা। সমালোচনা থামাতে সরকার পাল্টা বিবৃতিতে জানিয়ে দিয়েছে, মিয়াঁদাদকে ভিসা দেওয়ায় ‘আন্ডার ওয়ার্ল্ডের ডন’ দাউদ ইব্রাহিমের বিষয়ে সরকারের মনোভাব পরিবর্তন হয়নি। ‘দাউদ ইব্রাহিমকে নিয়ে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি। তাঁকে নিয়ে সরকারের মনোভাব একই আছে’—বলেছেন সরকারের উচ্চপর্যায়ের এক সূত্র। ক্রিকেটে ‘আন্ডার ওয়ার্ল্ডের ডন’ তো বটেই; ১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিজ বোমা হামলার হোতা হিসেবে দাউদ ইব্রাহিমই মূল অভিযুক্ত। সেই থেকে দাউদ ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি। এই দাউদের মেয়ে মাহরুখকে বিয়ে করেছেন মিয়াঁদাদের ছেলে জুনাইদ। ভারতীয়দের বিশ্বাস, দাউদ ইব্রাহিম আত্মগোপন করে আছেন মিয়াঁদাদের জন্ম শহর করাচিতেই। তবে সূত্রের দাবি, মিয়াঁদাদ ভারতের নেতিবাচক তালিকায় নেই। যে কারণে ২০১১ সালেও মিয়াঁদাদকে ভিসা দিতে রাজি হয়েছিল ভারত সরকার। সেবারও অবশ্য ভারতে আসেননি পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি। ওয়েবসাইট।