মিয়ানমার-বাধা পেরোনোর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল লবিতে সোফায় বসে আছেন মিয়ানমার কোচ টিন অং। পাশে দেশটির ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আর মিডিয়া অফিসার। তিনজন গভীর আলোচনায় মগ্ন। কাছে গিয়ে পরিচয় দিতেই ‘ও ইয়েস...বাংলাদেশ...বাংলাদেশ’—বলে কোচের কণ্ঠে আতিথেয়তার সুর। মুশকিল হচ্ছে, আজ সেই আতিথেয়তা থাকবে না মাঠে!এটাই খেলা। আতিথেয়তা, সৌজন্যতা—সবই মাঠের বাইরে। আর খেলাটা যখন হয় একটা বড় স্বপ্নপূরণের দুয়ারে দাঁড়িয়ে থাকা অবস্থায়, কথাই নেই। মিয়ানমার শিবিরের দিকে তাকিয়ে কাল বারবার এই কথাই মনে হচ্ছিল।বাংলাদেশ ২-১ গোলে হারাল তাজিকিস্তানকে, মিয়ানমার পরের ম্যাচেই স্থানীয় দল শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে যে দল জয় পাবে, এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালের টিকিট যে তাদের হাতে চলে আসবে, তা না বললেও চলছে। বাংলাদেশ-মিয়ানমার এই লড়াইটা তাই দুই দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধের চেয়েও কম কিছু নয়!বাংলাদেশ তা একটু বেশিই উপলব্ধি করছে। এসএ গেমসের টানা ৫ জয় কলম্বোয় শুরুতেই হলো ছয়। আজ তা সাত করার সুযোগ বাংলাদেশের সামনে। ফুটবল দরিদ্র দেশের জন্য স্বপ্ন স্বপ্ন ব্যাপার! এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ঢাকায় দুই দলের শেষ সাক্ষাতে মিয়ানমার জিতেছিল ২-১ গোলে। বাংলাদেশের বিপক্ষে খেলা বাকি ৭ আন্তর্জাতিক ম্যাচের ৪টিতেই জয় মিয়ানমারের, যার বড় দুটি ১৯৭৩ আর ১৯৭৫ সালের মারদেকা কাপে ৬-০ আর ৭-১!এখানেই শেষ নয়। ১৯৯৫ মিয়ানমারের রয়েল চ্যালেঞ্জ কাপজয়ী বাংলাদেশ গ্রুপ পর্বে এই মিয়ানমারের কাছে হেরেছিল ০-৪ গোলে। মিয়ানমারের সামনে একসময় দাঁড়াতেই পারত না বাংলাদেশ। আবার বাংলাদেশের মাথা তুলে দাঁড়ানোর উদাহরণও আছে। রয়েল চ্যালেঞ্জ কাপ ফাইনালে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ (২-১)। ১৯৯৩ সালে ঢাকায় ৩-১ জয়ও ভুলে যাওয়া যাচ্ছে না।এসবই পরিসংখ্যানে কচকচানি। মিয়ানমার কোচ যেমন বলছিলেন, ‘নতুন ম্যাচ, নতুনভাবে মাঠে নামা। যে দল ভালো খেলবে তারাই তো জিতবে। পরিসংখ্যান তো আর এই ম্যাচে জিতিয়ে দেবে না আমাদের!’দুই দলের খেলোয়াড়দের এসব তথ্য তেমন জানা নেই। হোটেল লবিতে পাশাপাশি হাঁটছেন, আগে-পরে ডাইনিংয়ে ঢুকছেন। অতীত নয়, বর্তমানই তাঁদের ভাবনায় ঘুরঘুর করছে। চোখ আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচের দিকে। অধিনায়ক আমিনুল বলেছিলেন, ‘আমাদের চিন্তা ম্যাচ বাই ম্যাচ। যে দলই সামনে পড়ুক, এসএ গেমসে খেলা ফুটবলটা খেলতে পারলে জিতব আশা করি। মিয়ানমার বেশ ভালো দল। আমরা একটু সতর্ক হয়ে নামব। তবে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’মিয়ানমার অধিনায়ক কয়েকজন সতীর্থ নিয়ে তুমুল আড্ডা দিচ্ছেন তাঁর কক্ষে। বাংলাদেশ-মিয়ানমার ম্যাচে কে জিতবে—প্রশ্ন করতেই ২৪ বছরের তরুণ সতীর্থদের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন, ‘যে ভালো খেলবে সেই জিতবে হা...হা...হা।’এটা তো সবারই জানা। তার পরও নানাভাবে তাঁকে প্রশ্ন করে তাঁর অনুমানটা জানা গেল না। কখনো বলেন, ‘বাংলাদেশের চেয়ে আমরা ভালো দল’, আবার নিজেই বলেন, ‘নো, নো, বাংলাদেশ বেটার সাইড।’এ এক গোলকধাঁধা। তবে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ সাইফুল বারী এসব ধন্দে না গিয়ে সরাসরিই বলে দিচ্ছেন, ‘আমরা মানসিকভাবে উজ্জীবিত। যে আক্রমণাত্মক ফুটবলটা আমরা এখন খেলছি, তা ধরে রাখতে পারলে মিয়ানমারকে হারানো কঠিন হবে না।’সত্যিই তাই? কঠিন হবে না! শ্রীলঙ্কার বিপক্ষে গতিময় ফুটবল খেলল যে মিয়ানমার, তাদের বিপক্ষে আজ কঠিন লড়াইয়েই নামতে হবে বাংলাদেশকে। সাইফুল মানলেন, ‘অবশ্যই কঠিন লড়াই-ই হবে।’মিয়ানমার কোচ বাংলাদেশের চেয়ে তাঁর দলকে টেকনিক্যালি এগিয়ে রাখলেও যোগ্য প্রতিদ্বন্দ্বীর সম্মানই দিতে চাইলেন। তবে ‘শ্রীলঙ্কার বিপক্ষে দলের পারফরম্যান্সে খুশি নই’ বলে জয়ের ক্ষুধাটাও জানালেন।সি গেমসে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারালেও সিঙ্গাপুরের কাছে ১-২ হার আর লাওসের সঙ্গে ১-১ ড্রয়ের পর ক্রোয়েশিয়ান কোচের বিদায়ে আবার দলের দায়িত্ব পেয়েছেন। এবার তিনি সেই ক্ষতে প্রলেপ দিতে চান। আর বাংলাদেশ? বড় এই বাধাটি পেরোলেই পেয়ে যাবে স্বপ্নের এক টিকিট!