মিয়ানমারকে হারাল বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিংয়ে মিয়ানমারের অবস্থান ১৪৯। বাংলাদেশের ১৫৮। র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে কাল এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ২-০ গোলে হারিয়ে দিল বাংলাদেশ। ২০০৫ সালে গ্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ কাপের পর এই প্রথম মিয়ানমারের বিপক্ষে জিতল বাংলাদেশ।ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের ভুলে দুটি গোল খেয়েছিল শাকিল-এমিলিরা। তবে মিয়ানমারের ওয়াইটিসি স্টেডিয়ামে কাল দেখা দেখা গেল অন্য চেহারার বাংলাদেশকে। ম্যাচের ১১ মিনিটে শাকিলের গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল (১-০)। ৮৮ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি আবদুল বাতেনের (কমল)।ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ রবার্ট রুবচিচ বলেছেন, ‘আজ (কাল) পুরো ৯০ মিনিট আমার ছেলেরা দারুণ খেলেছে। তবে তারা অন্তত ছয়টা নিশ্চিত সুযোগ হাতছাড়া করেছে। মিয়ানমারের বিপক্ষে এটি আমাদের কৌশলের জয়।’ এই জয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে যাওয়ার সম্ভাবনাও টিকে থাকল বাংলাদেশের। আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিপাইন।উজবেকিস্তানের জয়: দ্বিতীয়ার্ধে ৫ গোল খেয়ে অলিম্পিক ফুটবল বাছাইপর্ব পার হতে পারল না ভারত। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্লে-অফ ম্যাচে উজবেকিস্তান ৫-১ গোলে হারিয়েছে ভারতের মেয়েদের। এই জয়ে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে উজবেকিস্তানের। এর আগে পরশু দুই দলই ১-১ গোলে ড্র করে।