মীমাংসা শেষ ম্যাচেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের পর নাটক, বারবার নিয়ন্ত্রণ হাতবদল, দুই দলেরই হাস্যকর সব ভুলের মহড়ার পর জুলকারনাইনের ঠান্ডা মাথা পরশু পাকিস্তানকে এনে দিল এক উইকেটের জয়। এক বল বাকি থাকতে পাওয়া জয়ে সিরিজে এখন ২-২ সমতা। একতরফা হয়েছিল শুধু সিরিজের প্রথম ম্যাচটিই। পাকিস্তানের আগের জয়টিও এক বল হাতে রেখে, এক উইকেটে। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার পাওয়া ২ রানের জয়টি নিষ্পত্তি হয়েছে শেষ বলে। আগামীকাল শেষ ম্যাচেই হবে সিরিজের মীমাংসা।শেষ ভরসা আবদুল রাজ্জাক ফিরে যাওয়ার সময়ও পাকিস্তানের প্রয়োজন ছিল ২৩ বলে ৩১ রান। ম্যাচ তখন প্রায় দক্ষিণ আফ্রিকার পকেটে। কিন্তু এদিন ভরসা হয়ে উঠলেন জুলকারনাইন হায়দার ও ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে দুই নবিশের ২০ বলে ২৮ রানের জুটি পাকিস্তানকে এনে তোলে জয়ের কিনারায়। শেষ ওভারের তৃতীয় বলে রানআউটে ওয়াহাবকে হারালেও অবিচলিত জুলকারনাইন পরের দুই বলে ৩ রান নিয়ে দলকে এনে দেন স্মরণীয় জয়।তবে ভুলে গেলে চলবে না আরেকজনের কথা। জুলকারনাইন-ওয়াহাব ‘শেষের বীর’ হয়ে ওঠার সুযোগ পেয়েছেন ইউনুস খানের অসামান্য একটি ইনিংসের কল্যাণে। দ্যুতিময় স্ট্রোক প্লে বা চোখ ধাঁধানো সব শট ছিল না, ইউনুসের ইনিংসটির মাহাত্ম্য এখানেই। ৫৭ রানে দাঁড়িয়ে মেরেছেন ইনিংসের একমাত্র চার, বল খেলেছেন ততক্ষণে ৯৬টি! ৭৩ রানের ইনিংসে সিঙ্গেলই ৫০টি! সবচেয়ে বড় তথ্য, এই মাঝারি ইনিংসেই গড়েছেন ৫৮, ৫৬, ৪০ ও ৪৯ রানের চারটি জুটি।ম্যাচের পর ইউনুস জানিয়েছেন, পরিকল্পনাটাই ছিল এ রকম, ‘আমার লক্ষ্য ছিল যত বেশি ওভার সম্ভব উইকেটে থাকা। এক পাশে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে, তাহলে শেষ দিকে রাজ্জাকের মতো মারকুটে ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যায়।’ পরশুর ম্যাচ-সেরা পারফরম্যান্সের আগে ফিফটি পেয়েছিলেন প্রথম ম্যাচেও। ইউনুস প্রমাণ করলেন ঘটনার ঘনঘটা ঘটিয়ে তাঁকে দলে আনার যৌক্তিকতা।ইউনুস তো বটেই, পাকিস্তান কোচ ওয়াকার ইউনুসের প্রশংসা পেয়েছেন টেলএন্ডাররাও, ‘ইউনুস দুর্দান্ত খেলেছে, অভিজ্ঞতা দিয়ে উইকেটে তরুণদের দিকনির্দেশনা দিয়েছে। ওয়াহাব খুব দ্রুত উন্নতি করছে। শেষ দিকে ভালো ইয়র্কার দিতে পারে, ব্যাট হাতেও অবদান রাখছে নিয়মিত। ভালো টেম্পারামেন্ট দেখিয়েছে জুলকারনাইনও। আসলে গোটা ম্যাচেরই প্রশংসা করা উচিত, অবিশ্বাস্য একটা ম্যাচ হয়েছে।’এই মাঠে পরশুর আগে সর্বোচ্চ রান ছিল ২২৮। ২৭৪ করার পর তাই অনেকটা নিশ্চিন্তই ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শক্তি ফিল্ডিং পরশু ডুবিয়েছে তাদের। ভুগিয়েছে চোট কাটিয়ে মৌসুমে প্রথম ম্যাচ খেলা ডেল স্টেইনের বাজে বোলিংও। গ্রায়েম স্মিথের কণ্ঠে ছিল এসবেরই আক্ষেপ, ‘২৭৪ খুব ভালো স্কোর ছিল। আমরা স্বাভাবিক বোলিং করলেও জিতে যেতাম, কিন্তু পারিনি। শেষ দিকে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। ফিল্ডিং বাজে হয়েছে পুরো ম্যাচেই।’ ওয়েবসাইট।