মুকুট জিতল বন্ধুত্ব
আর্থার অ্যাশ স্টেডিয়াম এর আগে এমন কিছু দেখেনি, এটা নিশ্চিত। এমন কিছু শোনেওনি!
জিতে গিয়ে কেউ উচ্ছ্বাস না করে উল্টো হেরে যাওয়া প্রতিপক্ষকে জড়িয়ে ধরে কাঁদছেন—এটা কে কবে দেখেছে! কে কবে শুনেছে, জেতার পর কেউ বলছেন খেলাটা ড্র হলেই তিনি বেশি খুশি হতেন!
নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে পরশু রাতে সেই জয়ীর নাম স্লোন স্টিভেনস। ইউএস ওপেনের ফাইনালে যিনি ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন তাঁরই আশৈশব বন্ধু ও স্বদেশি ম্যাডিসন কিসকে। এমন বন্ধু, যাকে হারানোর চেয়ে যার সঙ্গে কিছু ভাগাভাগির আনন্দ অনেক গুণ বেশি। সেই আবেগই ম্যাচ শেষে দুজনকে আলিঙ্গনে বেঁধে রেখেছে দীর্ঘক্ষণ। সেই আবেগেই জীবনের প্রথম গ্র্যান্ড স্লামটা জেতার পরও স্টিভেনস বলেছেন, ‘যদি ড্র হতো ম্যাচটা, তাহলেই বেশি খুশি হতাম! আমি নিশ্চিত, যদি ম্যাডি (কিস) জিতত, সে-ও একই কথা বলত।’
জিতলে কিসও বলতেন হয়তো। কিন্তু হেরে গিয়েও যেটা বলেছেন, তাতেও স্পষ্ট দুজনের বন্ধুত্বের গভীরতা, ‘স্লোন আমার সবচেয়ে পছন্দের মানুষদের একজন। তার বিপক্ষে খেলাটাই বিশেষ কিছু। যদি কারও কাছে হারতেই হয়, ওর কাছে হারাটাই আনন্দের।’
এই হার-জিতের আগে দুই বন্ধুর ফাইনালে ওঠাটাই অবশ্য টেনিস-বিশ্বের কাছে একটা বড় চমক ছিল। দুজনেরই প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনাল। দুজনের মিলিত র্যাঙ্কিং ৯৯। টেনিসে র্যাঙ্কিং-পদ্ধতি চালু হওয়ার পর এই প্রথম মিলিতভাবে এত বেশি র্যাঙ্কিংয়ের দুজন খেলোয়াড় ইউএস ওপেনের ফাইনাল খেললেন।
স্টিভেনসের শিরোপা জয়ে পূর্ণতা পেল সব চমক। টুর্নামেন্ট শুরু করেছিলেন র্যাঙ্কিংয়ের ৮৩ নম্বরে থেকে। এর মাসখানেক আগে তো ৯৫৭ নম্বরে! পায়ের চোটের কারণে ১১ মাস যে কোর্টের বাইরে থাকতে হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২৪ বছর বয়সী এই আমেরিকানের ইউএস ওপেন জেতাটা রূপকথার গল্পই তো! স্টিভেনসের নিজেরই যা বিশ্বাস হতে চাইছে না, ‘জানুয়ারিতে অস্ত্রোপচার হয়েছিল। তখন যদি আমাকে কেউ বলত যে আমি ইউএস ওপেন জিতব, তাহলে আমি বলতাম, এটা অসম্ভব। একেবারেই অসম্ভব!’
আমেরিকান ফুটবলার বাবা জন স্টিভেনসের খুব শখ ছিল তাঁর সন্তানদের কেউ একজন ক্রীড়াবিদ হবে। ১৯৯৩ সালে স্টিভেনসের জন্মের কয়েক মাস পর খেলা থেকে অবসর নেন। জীবন থেকেই ছুটি হয়ে যায় ২০০৯ সালে এক গাড়ি দুর্ঘটনায়। এর কয়েক মাস পর পেশাদার টেনিসে স্টিভেনসের অভিষেক। প্রথম চমক দেখান ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। চার বছর আগে যে ঝলক দেখিয়েছিলেন, সেটিই আলোয় রূপ নিল এবারের ইউএস ওপেনে। সাফল্যের ছাপ পড়তে যাচ্ছে র্যাঙ্কিংয়েও। আজ প্রকাশিতব্য নতুন র্যাঙ্কিংয়েই এক লাফে ১৭ নম্বরে চলে আসবেন স্টিভেনস!
এই আনন্দের সঙ্গে ইউএস ওপেনের ৩৭ লাখ ডলার (প্রায় ৩০ কোটি ১৭ লাখ টাকা) প্রাইজমানিটাও বাড়তি রোমাঞ্চ হয়ে এসেছে স্টিভেনসের কাছে। নইলে কি আর চেকটা হাতে পেয়ে বলেন, ‘এ তো অনেক টাকা!’
জয়ের খুশিতে পার্টি দিয়েছেন। সেই পার্টিতে নিমন্ত্রণ করেছেন বন্ধু ম্যাডিসন কিসকেও। বন্ধুর আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আরও একটা লোভে সেই পার্টিতে যাচ্ছেন কিস, ‘আমি যত পানীয় নেব, সব খরচই তো ওর। এত টাকা জিতেছে!’ এএফপি, রয়টার্স।