মুকুট ধরে রাখাই আসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের গদাটা এখনো হাতে পাননি অ্যান্ড্রু স্ট্রাউস। এক নম্বরটা নিশ্চিত করলেও র‌্যাঙ্কিং তালিকায় এখনো তারা তিন নম্বরেই আছে। তবে তাতে কি আর উদ্যাপন থেমে থাকে? বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। রাতভর পার্টি হয়েছে শনিবার। তবে এটুকুই। স্ট্রাউস জানিয়ে দিয়েছেন, এবার লড়াই শীর্ষস্থান ধরে রাখার। অ্যালিস্টার কুক এটিকে বললেন নতুন শুরুর সূচনা। আর মহেন্দ্র সিং ধোনির প্রতিক্রিয়া, কিছুই ঠিকমতো হচ্ছে না!১৯৭৯ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ইংল্যান্ড। অধিনায়ক স্ট্রাউসের দৃষ্টিতে এই অর্জন বিশেষ কিছু, ‘অনেক দিন ধরেই আমাদের লক্ষ্য ছিল শীর্ষে ওঠা, আমাদের সবারই লক্ষ্য ছিল তাই। আজকের এই অবস্থানে আসতে পেরে এবং আমরা যা অর্জন করেছি, এতে আমি দারুণ গর্বিত। কারণ এই অর্জন বিশেষ কিছু।’২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হেরেছিল স্ট্রাউসের দল, জ্যামাইকায় গুটিয়ে গিয়েছিল মাত্র ৫১ রানে! এক নম্বরের দিকে ইংল্যান্ডের যাত্রা শুরু এরপর থেকেই। স্ট্রাউস ফিরে তাকিয়েছেন সেদিকে, ‘ওটা (৫১ রান) ছিল অনুঘোটক। ওর চেয়ে খারাপ কিছু হতে পারত না। আমাদের কঠোর পরিশ্রম করতে হতো। অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হতো। গত দুই বছরে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং যা অর্জন করেছে, তা ওদের প্রাপ্য। এক নম্বরে উঠতে হলে ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে ভালো করে যেতে হয় এবং অতীতে এটা কখনোই ইংল্যান্ডের শক্তি ছিল না। যা অর্জন করেছি, তাতে তাই আমরা ভীষণ গর্বিত।’ওয়েস্ট ইন্ডিজে ওই সফরের পর থেকে এ পর্যন্ত ৩০ টেস্টের ১৯টিতেই জিতেছে ইংল্যান্ড, হেরেছে মাত্র চারটিতে, সিরিজ হারেনি একটিও। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে তিনবার ইনিংস ব্যবধানে হারের লজ্জায় ডুবিয়েছে। ভারতকে তিন টেস্টে হারাল যাচ্ছেতাইভাবে। এই পথ পরিক্রমায় যাঁর ব্যাট ইংল্যান্ডকে দিয়েছে বড় ভরসা, সেই অ্যালিস্টার কুকের দৃষ্টি আরও সামনে, ‘আমার মনে হয়, আমরা বিশেষ কিছু করার পথে আছি। তবে এখনো আমরা কেবল ভ্রমণ শুরু করছি, শেষ নয়। আজ (শনিবার) রাতে আনন্দ করব। পরের দুই দিনে আবার নতুন শুরুর জন্য মুখিয়ে থাকব। এটাই হলো এই দল।’ ৬ রানের জন্য ট্রিপল সেঞ্চুরিটা না পাওয়ায় অবশ্য খানিকটা হতাশ কুক। দলের অর্জনে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ‘ম্যাচের শেষের ওভারগুলো বাড়িতে সোফায় বসে আমি উপভোগ করেছি এবং এজবাস্টনের দর্শকের আনন্দ ও ইংল্যান্ডের শীর্ষে ওঠার মুহূর্ত আমি অনেক দিন মনে রাখব। আমাদের বিশ্বসেরাদের নিয়ে পুরো জাতিই গর্বিত।’ নতুন শীর্ষ দলকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত, ‘আমি জানি, ওরা এক নম্বর হতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং সতর্ক পরিকল্পনা ও বেশ কিছু নিখুঁত পারফরম্যান্সের পর তারা তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে।’ম্যাচের মতো ধোনির কণ্ঠেও অসহায় আত্মসমর্পণ, ‘সিরিজের কোনো কিছু আসলে আমাদের পক্ষে যায়নি। বেশির ভাগ সেশন জিতে নিয়েছে ওরা, টেস্টগুলোকে ছোট্ট ছোট্ট সেশনে ভাগ করলে দেখা যাবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমরা উড়ে গেছি। আমাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকভাবে রান করতে হবে। আশা করি, পরের টেস্টে তারা কিছুটা ভালো করবে।’কিন্তু কিছুটা ভালো করলে কি আর হবে? ওভালেও হারলে র‌্যাঙ্কিংয়ে তিনে নেমে যেতে হবে ভারতকে, একটু বেশি ভালোই করা জরুরি! ওয়েবসাইট।