তৃতীয় নয়ন: সাবেক ফুটবল তারকা ও কোচ গোলাম সারোয়ার টিপু লিখছেন প্রথম আলোয়
মুকুট হারানো স্পেনকে ঢেলে সাজাতে হবে

মনটা খারাপই হয়ে আছে। গত কয়েক বছর মনোমুগ্ধকর ফুটবল উপহার দেওয়া স্পেনের এমন পতন দেখব ভাবিনি। কিন্তু ফুটবল বিধাতা বোধ হয় আড়ালে বসে হেসেছেন। তারই ফল—একটা প্রজন্মের একঝাঁক মেধাবী ফুটবলার ঢাকা পড়লেন পর্দার আড়ালে। অচল মুদ্রা হতে চলেছে টিকি-টাকা, এই আভাস সত্যি করে স্প্যানিশ ফুটবল হারাল তার রাজমুকুট।
প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে পাঁচ গোল হজম। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় মারাকানার সমুদ্রসৈকতে আশার সমাধি হলো স্পেনের। উড়ন্ত একটা দলের কেন এই হাল হলো? এই টিকি-টাকা খেলেই তো ওরা সর্বজয়ী দল হয়ে উঠেছিল!
একই সঙ্গে প্রশ্ন এবং বিস্ময়। জাভি, ইনিয়েস্তা, রামোসরা আসলে এত দিন পেরেছেন তাঁদের বয়স কম থাকায়। কিন্তু এখন বয়স বেড়েছে, অনুমানক্ষমতা কমেছে। বল পায়ে টার্ন করতে দেরি হয়। আগে তা দ্রুত করা যেত বলে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে পারতেন অনায়াসেই। বয়সের সঙ্গে এই খেলোয়াড়দের দৌড়ের ক্ষমতাও শূন্যে নামল, যার পরিণতি ভোগ করতেই হলো স্পেনকে। ডাচ তারকা রোবেনের বয়স ৩০, তিনি তাহলে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে গোল করেন কীভাবে? ইনিয়েস্তাদের সঙ্গে তাঁর পার্থক্য কোথায়? রোবেনের গতিই আসলে তাঁর গোল পাওয়ার চাবিকাঠি। ইনিয়েস্তাদের যেটা আগের মতো ছিল না।
তাঁরা দু-তিন গজ দূরে টুক টুক করে পাস খেললেন যথারীতি, তা কোনো কাজে আসেনি। ইনিয়েস্তা গোটা ম্যাচে পোস্টমুখী শট নিলেন মাত্র একটা। বল পায়ে রাখবেন, গোলে শট নেবেন না, তা তো হয় না!
এই কাজটা ঠিকভাবে করেছে চিলি। যাদের গতির কাছেই হারল স্পেন। চিলি বল দেওয়া-নেওয়া করেছে খুব দ্রুত। বল দখলের জন্য প্রতিপক্ষকে যে চ্যালেঞ্জগুলো করেছে, সবই খুব ভালোভাবে। স্পেনের পোড়খাওয়া খেলোয়াড়দের বল দখলে পরাস্ত করেছে দারুণভাবে। ১:১ অবস্থায় প্রায় প্রতিবারই জিতলেন চিলির খেলোয়াড়েরা। বল ধরেই দ্রুত সামনে পাস বাড়িয়েছেন। চিলির এই গতি আর চ্যালেঞ্জের কাছেই মার খেল স্পেন।
স্পেনের খেলোয়াড়েরা প্রতিপক্ষের পায়ে বল জমা দিয়েছেন অনেকবার। আত্মবিশ্বাস তলানিতে পৌঁছালে যা হয়! লম্বা বল খেলতে তো ভুলেই গেছে স্পেন। এবারের বিশ্বকাপে দলগুলো কত দ্রুত আক্রমণ শাণাচ্ছে, তা দেখলেই বোঝা যাবে স্পেনের অবস্থা। ব্যক্তিগত নৈপুণ্যের হঠাৎ অধোগতি হলো স্প্যানিয়ার্ডদের। দ্বিতীয় গোলটার সময় ক্যাসিয়াসের উচিত ছিল বলটা বাইরে পাঠানো। সেটা করতে পারলেন না। প্রথম গোলটা খাওয়ালেন জাবি আলেনসো। একটা বিপজ্জনক জায়গায় বলটা জমা দিলেন প্রতিপক্ষের পায়ে।
এই অবস্থায় কোচ ভিসেন্তে দেল বস্ক কী করতে পারতেন? আমি বলব, দেল বস্কের করার তেমন কিছু ছিল না। দলকে উজ্জ্বীবিত করাই ছিল তাঁর বড় কাজ। সেটা নিশ্চয়ই চেষ্টা করেছেন। কস্তার মতো খেলোয়াড় গোটা ম্যাচে কী করেছেন দেখুন, কিছুই না! কোচ তাহলে কী করবেন! স্পেনের এই মহাতারকাদের তো কোচ শট শেখাবেন না এখন। পাস কীভাবে দেবে, সেটাও তো বলে দেওয়ার কিছু নেই। যা করার, মাঠে খেলোয়াড়দেরই করতে হবে। এখানে খেলোয়াড়েরা নিদারুণ ব্যর্থ।
অথচ এত বিবর্ণ থাকার পরও স্পেনের বল পজেশনই ছিল বেশি। কারণ, তারা এভাবেই খেলতে অভ্যস্ত। স্পেন নিজেদের খেলাই খেলতে চেয়েছে। চিলি খেলতে দেয়নি। প্রতিপক্ষকে এত ভালেভাবে কাটাছেঁড়া করে মাঠে নামার ফসলটা ঘরে তুলেছে চিলি। জয়টা তাদের প্রাপ্যই। অসম্ভব গতিতে ভারগাস-সানচেজরা নাজেহাল করে ছাড়ল চ্যাম্পিয়নদের। একই সঙ্গে চিলিয়ানদের ফিটনেসও বেশি ছিল প্রতিপক্ষের চেয়ে। জিতবে কীভাবে, স্পেনের খেলোয়াড়দের শরীরই তো চলছিল না।
বিশ্বকাপ বিপর্যয়ের এই ধাক্কা কাটিয়ে ওঠা হবে না স্পেনের জন্য। তার পরও নতুন করে শুরু করা চাই। গোটা দলটাকে ঢেলে সাজাতে হবে। দেল বস্ক সম্ভবত আর থাকবেন না। জানি না নতুন কী ধারায় খেলবে আগামীর স্পেন, তবে টিকি-টাকায় বদল আনতেই হবে, স্পেনের তা ভালোই জানা হয়ে গেছে। মোদ্দাকথা, দু-তিন গজি ছোট ছোট পাসের ফুটবল অন্যরা থামিয়ে দিয়েছে। আবার উঠে দাঁড়াতে অন্য কিছু আনতে হবে নয়া কোচকে।
অন্যদিকে বেশ উজ্জীবিত লাগছে হল্যান্ডকে। ফেবারিট হিসেবে ওপরের দিকে হল্যান্ডকে কখনোই রাখা হয় না। কিন্তু টানা দুই ম্যাচ জিতে ডাচরা শিরোপার দাবি জানিয়ে রাখল এবার শুরু থেকেই। রোবেন-ফন পার্সির মতো ফুটবলার ব্যবধান গড়ে দিচ্ছেন, যেটার প্রবল অনুপস্থিতি ছিল স্পেন দলে৷