মুকুট হারালেন বিশ্বনাথন আনন্দ

২০০৭ সাল থেকেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মুকুটটা নিজের দখলেই রেখেছিলেন বিশ্বনাথন আনন্দ। টানা চারবার জিতেছিলেন দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা। কিন্তু এবার নিজ শহর চেন্নাইয়ে ২১ বছরের ছোট প্রতিদ্বন্দ্বী ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে আনন্দ হারিয়েছেন বিশ্বসেরার মুকুট। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন নরওয়ের ২২ বছর বয়সী গ্রান্ডমাস্টার কার্লসেন।
২০০০ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন আনন্দ। এরপর ২০০৭ সাল থেকে টানা চারবার এই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন ভারতের এই দাবারু। কিন্তু এ বছর হতাশাজনকভাবেই শেষ হয়েছে তাঁর শিরোপা ধরে রাখার লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোনো ম্যাচে এবারই প্রথমবারের মতো একটা গেমও জিততে পারেননি আনন্দ। কার্লসেনের বিপক্ষে ১০ গেমের ফাইনালে হেরেছেন তিনটিতে। ড্র হয়েছে সাতটি গেম। ম্যাচ শেষে হতাশা লুকাতে পারেননি আনন্দ। ভক্তদের উদ্দেশে বলেছেন, ‘আমি আমার কৌশলগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারিনি।’
অন্যদিকে নতুন চ্যাম্পিয়ন কার্লসেন নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন একটা জমকালো জন্মদিন উদযাপনের জন্য। ৩০ নভেম্বর ২৩ বছরে পা দেবেন নরওয়ের এই দাবারু। বর্তমানে দাবা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও আছে কার্লসেনের দখলে।— পিটিআই