মুক্তারের ছক্কাবৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তার আলীর এই উচ্ছ্বাস সেঞ্চুরির। রাজশাহীর পেসার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে স্মরণীয় করে রেখেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড ছোঁয়া ১৬টি ছক্কা মেরে ।  প্রথম আলো
মুক্তার আলীর এই উচ্ছ্বাস সেঞ্চুরির। রাজশাহীর পেসার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে স্মরণীয় করে রেখেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড ছোঁয়া ১৬টি ছক্কা মেরে । প্রথম আলো

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন ফরহাদ রেজা। রাজশাহীর এই অলরাউন্ডারের ২৫৯ রান প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পঞ্চম সর্বোচ্চ ইনিংস। কিন্তু দিন শেষে এ নিয়ে তেমন আলোচনা কই! দিনের সব আলো যে নিজের দিকে টেনে নিয়েছেন মুক্তার আলী। বিকেএসপিতে ছক্কাবৃষ্টি নামিয়েছেন রাজশাহীর পেসার। ছুঁয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। চট্টগ্রামের বিপক্ষে ১৪৮ বলে ১৬৮ রানের ইনিংস খেলার পথে ১৬টি ছক্কা মেরেছেন মুক্তার।
মুক্তার মেরে খেলতে পারেন, এটা মোটামুটি সবারই জানা। কিন্তু এতটা বিধ্বংসী হতে পারেন, কে জানত? বিরতির আগে জাতীয় লিগে নিজের আগের ইনিংসটিতেই নয় নম্বরে নেমে করেছিলেন ৯৬। এত দিন স্বীকৃত ক্রিকেটে পেসার হিসেবেই পরিচিত মুক্তারের সর্বোচ্চ ইনিংস ছিল সেটিই। পরের ইনিংসেই প্রথম সেঞ্চুরিটা পেয়ে গেলেন। সেটিও এমন বিশ্ব রেকর্ড খচিত!
মুক্তার ফিফটি পেয়েছেন ৬৫ বলে, সেঞ্চুরি ১১৬ বলে। সেঞ্চুরির পরই বোলার-নিপীড়নটা দ্বিগুণ করেছেন। ১০০ রানে ছিল ৮টি ছয়, শেষ ৩২ বলে ছয় এল আরও ৮টি। অষ্টম উইকেটে ফরহাদ রেজার সঙ্গে যোগ করেছেন ২২৪ রান, এর মধ্যে ১৪৬ রানই মুক্তারের ব্যাট থেকে।
গত পরশু সানজামুলের সঙ্গে ফরহাদ রেজা ৩৪৭ রানের জুটি গড়েছিলেন। কাল ২২৪ রানের আরেকটি জুটির কল্যাণে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা রাজশাহী ইনিংস ঘোষণা করেছে ৬৭৫ রানে। বল হাতেও মুক্তার স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। নিজের প্রথম দুই বলেই নিয়েছেন ২ উইকেট। পরের ওভারে আরেকটি। ১০ রানে ৩ উইকেট নিয়ে দিনের সফলতম বোলারের নামও মুক্তার আলী।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপি
রাজশাহী ১ম ইনিংস: ১৩৫.৩ ওভারে ৬৭৫/৯ ডি. (ফরহাদ রেজা ২৫৯, সানজামুল ১৭২, মুক্তার ১৬৮; আকবর ৪/১৫৭, মেহেদী ২/৬৭, আল মামুন ২/৬৭, আফতাব ১/৪০)। চট্টগ্রাম ১ম ইনিংস: ৪১ ওভারে ১৬৫/৭ (ফয়সাল ৫৪, ইরফান ৩৯*, মেহেদী ২৯*, আফতাব ২৪; মুক্তার ৩/১০, শফিউল ২/৪১, ফরহাদ হোসেন ১/১৬, ফরহাদ রেজা ১/৩৯)।
ঢাকা মহানগর-খুলনা, কক্সবাজার
ঢাকা মহানগর: ১৭২ ও ২৯ ওভারে ১০৪/৩ (শামসুর ৬৯*, সৈকত ২২; রাজ্জাক ৩/২৫)। খুলনা ১ম ইনিংস: ৮১.৪ ওভারে ২১৩ (নিজামউদ্দিন ৬১, তুষার ৫৫, রবি ২৯, মিঠুন ২৬; মাহমুদউল্লাহ ৪/৪৫, আরাফাত ২/৩৯, সৈকত ১/৮, ইলিয়াস ১/৪৬, শহীদ ১/৪৭)।
বরিশাল-ঢাকা বিভাগ, চট্টগ্রাম
বরিশাল ১ম ইনিংস: ৩২৩। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৯৮ ওভারে ৩৩৬/৪ (তাইবুর ১০২, মজিদ ৮৬, শুভাগত ৬৫*, রনি ৩৬, নাদিফ ৩২*; মনির ২/৯৭, মানিক ১/২৫, কামরুল ১/৫৭)।
রংপুর-সিলেট, ফতুল্লা
রংপুর ১ম ইনিংস: ১৩২.৪ ওভারে ৩৯১ (নাঈম ১৪৪, তানভীর ১১১, সোহরাওয়ার্দী ৭২; নাসুম ৭/৯৭, এনামুল জু. ১/১১৬, নাজমুল ১/৩৪)। সিলেট ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৩২/৭ (শানাজ ৭১, রাজিন ১২, এনামুল জু. ১২; শুভাশিস ৩/৪০, সোহরাওয়ার্দী ২/২৮, তানভীর ১/৫, মাহমুদুল ১/১৩)।
জাতীয় লিগে দলীয় সর্বোচ্চ ইনিংস
ম্যাচ ভেন্যু মৌসুম
৭৫৬/৫ ডি. ঢাকা বিভাগ-রাজশাহী বিকেএসপি (৪) ২০১৩-১৪
৭১২/৭ ডি. বরিশাল-সিলেট ফতুল্লা ২০০৬-০৭
৬৭৫/৯ ডি. রাজশাহী-চট্টগ্রাম বিকেএসপি (৩) ২০১৩-১৪

প্রথম শ্রেণীর ক্রিকেট
এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা
১৬
জেসি রাইডার (১৭৫)
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ‘এ’
২০১১
১৬
গ্রাহাম নেপিয়ার (১৯৬)
এসেক্স-সারে
২০১১
১৬
অ্যান্ড্রু সাইমন্ডস (২৫৪*)
গ্লস্টারশায়ার-গ্ল্যামরগন
১৯৯৫
১৬
মুক্তার আলী (১৬৮)
রাজশাহী-চট্টগ্রাম
২০১৪