মুক্তি পাচ্ছেন আসিফও
ক্রিকেট ও নিজের দেশকে কলঙ্কিত করলে কী হবে, জেলের ভেতরে একদম সুবোধ বালক! ভালো আচরণের জন্য মোহাম্মদ আমিরের মতো অর্ধেক সাজা ভোগ করেই জেল থেকে ছাড়া পাচ্ছেন মোহাম্মদ আসিফ। ৫ মে মুক্তি পাচ্ছেন নিষিদ্ধ পাকিস্তানি পেসার। সালমান বাট ও আমিরের সঙ্গে আসিফও জেলে যান গত ৩ নভেম্বর। আমিরের জেল হয়েছিল ছয় মাস, আসিফের এক বছর ও বাটের আড়াই বছর।আসিফের আইনজীবী রবি গিল জানালেন, জেল থেকে বেরোনোর পর আসিফ ঠিক করবেন, কবে দেশে ফিরবেন। তবে আসিফের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যত শিগগির সম্ভব, আসিফকে নিজেদের মাঝে পেতে চান তাঁরা। জেল থেকে ছাড়া পেলেও পাঁচ বছরের নিষেধাজ্ঞা বহাল থাকছেই। পিসিবির এক কর্মকর্তা এর মধ্যেই সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন, ‘আমরা শুনেছি, আসিফ এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে। পাকিস্তানে ফিরলেই আমরা নিশ্চিত করব, যাতে ও আইসিসির নিষেধাজ্ঞা মেনে চলে। পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেটে ওকে খেলতে দেওয়া হবে না।’ ২৯ বছর বয়সী পেসার ১০৬ উইকেট নিয়েছেন ২৩ টেস্টে, ৩৮ ওয়ানডেতে ৪৬ উইকেট। ওয়েবসাইট।