মুক্তি পেয়ে শ্রীশান্তের চোখে বিশ্বকাপ!

কোচির নেদুম্বাসেরি বিমানবন্দরের বাইরে তখন হাজারো ভক্ত। হাতে ফুলের মালা। তাদের মধ্যে একজন এগিয়ে এসে শ্রীশান্তের গায়ে একটা শাল পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সবাই চিৎকার দিয়ে উঠল, ‘শ্রীশান্ত কি জয় হো...।’ দেখে কে বলবে যাঁর ‘জয়’ চাওয়া হচ্ছে তিনি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ কাঁধে নিয়ে টানা ২৭ দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছেন মাত্র!
অভিযোগ তদন্তাধীন। তার আগেই ঘরের ছেলেকে ‘ভিলেন’ মনে করতে চায় না কেরালার মানুষ।
‘জয়’টা চাইছেন শ্রীশান্তও। মঙ্গলবার রাতে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পরদিন সকালে কেরালার ত্রিপুনিথুরা শহরে নিজের বোনের বাসায় যাওয়ার জন্য নেমেছিলেন কোচি বিমানবন্দরে। সেখানেই তাঁকে ঘিরে ধরা সাংবাদিকদের জানালেন সব পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফিরে আসার প্রত্যয়, ‘বিশ্বাস করুন, আমি অন্যায় কিছু করিনি। অনুশীলন চালিয়ে যাব। আশা করছি, নিজেকে নির্দোষ প্রমাণ করেই আবার খেলায় ফিরব।’ ভক্তদের এমন ফুলেল অভ্যর্থনার বিনিময়ে মুচকি হাসি আর হাত নাড়া। তবে চেহারা দেখে ঠিকই বোঝা যাচ্ছিল ২৭ দিনের জেলজীবন কতটা দুঃসহ কেটেছে তাঁর। সাংবাদিকদের জানালেন সেই ভয়ংকর দিনগুলোর কথাও, ‘আমার শত্রুরও যেন এমন ভাগ্য বরণ করতে না হয়।’
সংগঠিত অপরাধ আর সন্ত্রাস দমনের বিশেষ আইনে করা মামলায় আপাতত মুক্তি মিলেছে, কিন্তু স্পট ফিক্সিংয়ের অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন না তিনি। তদন্ত চলছে এবং সে তদন্তে দোষী প্রমাণ হলে বড় ধরনের শাস্তিও হতে পারে ভারতীয় এ পেসারের। তবে ভারতীয় বিচার বিভাগের ওপর আস্থা রেখেই শ্রীশান্ত জানালেন নির্দোষ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি, ‘ভারতীয় বিচার বিভাগের ওপর আমার আস্থা আছে। আমি মনপ্রাণ উজাড় করে ক্রিকেট খেলেছি।’ কিন্তু সেই বিচার বিভাগ যদি তাঁকে দোষী সাব্যস্ত করে, তাহলে কী করবেন? উত্তরে একমুহূর্তও দেরি না করে শ্রীশান্ত জানিয়েছেন, ‘দোষী প্রমাণিত হলে আমি অবশ্যই বিচার বিভাগের রায় মেনে নেব।’ শ্রীশান্ত আত্মবিশ্বাসী নির্দোষ প্রমাণিত হয়ে আবারও ক্রিকেটে ফেরার ব্যাপারে। এমনকি ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য ভাবতে শুরু করেছেন পরের বিশ্বকাপ নিয়েও, ‘মা-বাবার আশীর্বাদ নিয়ে কাল থেকেই আমি অনুশীলন শুরু করে দেব। আমি ২০১৫ বিশ্বকাপ খেলতে চাই। আশা করছি, আর কোনো বাধা আসবে না।’ এএফপি, পিটিআই।