'পরিকল্পিত খুন' প্রমাণ হয়নি, কিন্তু...

অস্কার পিস্টোরিয়াসের দুঃসহ দিন-রাত্রির অবসান হতে যাচ্ছে কি না, এখনো পরিষ্কার নয়। তবে তাঁর বিরুদ্ধে প্রমাণিত হয়নি বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে ‘পূর্বপরিকল্পিত হত্যা’র অভিযোগ। রাষ্ট্রপক্ষ এই হত্যা মামলায় পিস্টোরিয়াসের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দাখিল করতে না পারায় এর দায় থেকে মুক্তি পেয়েছেন ‘ব্লেড রানার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার এই দৌড়বিদ। কিন্তু শঙ্কা কাটেনি এখনো। দক্ষিণ আফ্রিকার একটি আদালতে এক বছরের বেশি সময় ধরে চলা এই হত্যা মামলার আংশিক রায় হয়েছে আজ বৃহস্পতিবার। বাকি রায় হলেই বলা যাবে, কী ঘটবে পিস্টোরিয়াসের ভাগ্যে।
২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে’র রাতে পিস্টোরিয়াসের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাঁর বান্ধবী স্টিনক্যাম্প। মামলাটির বিচারক থোকোজিলে মাসপিয়া পঠিত রায়ে বলেন, ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ছিলেন পিস্টোরিয়াস। কিন্তু রাষ্ট্রপক্ষ এর পক্ষে কোনো শক্ত প্রমাণ দাঁড় করাতে পারেনি।’ বিচারকের ভাষ্য অনুযায়ী, প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণও নাকি এই অভিযোগের সত্যতা প্রমাণে যথেষ্ট ছিল না। সত্য-মিথ্যার পার্থক্য তৈরি হওয়ায় বিচারক সন্তুষ্টিও প্রকাশ করেন।
এখন কথা হচ্ছে, সত্যিই কি এই দুঃসহ যন্ত্রণার অবসান হতে যাচ্ছে পিস্টোরিয়াসের? এখনো পুরো রায় আসেনি। শুক্রবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে। ফলে শঙ্কা এখনো উবে যায়নি। আদালতের রায়ে ‘পরিকল্পিতভাবে’ বান্ধবী হত্যাকাণ্ডের অভিযোগ থেকে মুক্তি মিললেও এতে একটা ফাঁক কিন্তু ঠিকই রয়ে গেছে। ‘মানুষ হত্যা’র রায় এখনো দেওয়া হয়নি। এটা তো সত্য, তাঁর বান্ধবী স্টিনক্যাম্প হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাহলে তাঁকে কে হত্যা করল? রায়ে যদিও বলা হচ্ছে, পিস্টোরিয়াস পরিকল্পনা করে তাঁর বান্ধবীকে হত্যা করেছেন কি না, সেটা প্রমাণেও রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। ‘অসাবধানতাবশত’ গুলি করেছিলেন। তবে এ ‘অনিচ্ছাকৃত’ হত্যার অভিযোগ থেকে এখনো রেহাই পাননি তিনি। পরবর্তীতে এই রায়ের বাকি অংশে এ বিষয়ে বিচারকের কী বক্তব্য আসছে, দেখার বিষয় এখন সেটিই। অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ প্রমাণ হলেও কিন্তু তাঁকে দীর্ঘ কারাবাস ভোগ করতে হতে পারে।
বিচারক রায় পড়ে শোনানোর সময় অঝরে কাঁদেন পিস্টোরিয়াস। আদালতে উপস্থিত ছিলেন পিস্টোরিয়াসের বাবা হেঙ্কে পিস্টোরিয়াস ও তাঁর বোন আইমি পিস্টোরিয়াস। বাবা-বোনও এ সময়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। আদালতে উপস্থিত ছিলেন প্রয়াত বান্ধবী রিভার বাবা-মা জুন ও ব্যারি স্টিনক্যাম্প। এ রায়ে রিভার অভিভাবকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
২৭ বছর বয়সী এ ব্লেড রানারের কাছ থেকে কত মানুষ প্রেরণা খুঁজে পেয়েছে, তার ইয়ত্তা আছে! শারীরিক সীমাবদ্ধতা ফুঁতকারে উড়িয়ে গোটা বিশ্বকেই চমকে দিয়েছেন পিস্টোরিয়াস। অথচ তাঁর বিরুদ্ধেই কিনা উঠল খুনের অভিযোগ! স্টিনক্যাম্প নিহত হওয়ার রাতেই পুলিশের হাতে আটক হন তিনি। পরদিন আদালতে ঠুকে দেওয়া হয় হত্যা মামলা। সেই থেকে পুলিশ-আদালত করেই তাঁর কেটেছে সময়। ট্র্যাক নয়; এই সময়টা এ নিয়েই ব্যস্ত ছিলেন পিস্টোরিয়াস। পেছনের দুঃসহ স্মৃতি ভুলে আবার ট্র্যাকে ফিরতে পারবেন কি না, সে অনিশ্চয়তা এখনো রয়েই গেছে। সূত্র: এএফপি, রয়টার্স ও বিবিসি।