আত্মবিশ্বাস ক্ষয়ে যাওয়া ফরাশগঞ্জের সঙ্গে শিরোপার দাবিদার মুক্তিযোদ্ধার লড়াইটা এমন হওয়ার কথা ছিল না। অন্তত ম্যাচ শুরুর আগে এমনটা দুঃস্বপ্নেও ভাবেননি কোচ শফিকুল ইসলাম। ম্যাচ শেষে তাই প্রথমেই বললেন, ‘অঘটন’। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অঘটনই ঘটিয়ে দিয়েছে ফরাশগঞ্জ, মধ্যবর্তী দলবদলে নেওয়া নতুন বিদেশি স্ট্রাইকার হেনরি চিন্ডোর একমাত্র গোলে হেরে গেল মুক্তিযোদ্ধা। গোলটা হলো শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগে।সর্বশেষ ছয় ম্যাচে জয় নেই। অভ্যন্তরীণ কোন্দলে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচ কোচ কামাল বাবুকে ছাড়াই খেলতে হয়েছে। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা সেই ফরাশগঞ্জই কাল মুক্তিযোদ্ধাকে দিল বড় আঘাত। কামাল বাবু কাল ছিলেন। সেই জাদুর বলেই কি না, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ফরাশগঞ্জ খেলল দুর্দান্ত। তাতেই আত্মসমর্পণ মুক্তিযোদ্ধার। এই জয়ে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আটে উঠে এল ফরাশগঞ্জ। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল মুক্তিযোদ্ধা। তাদের হারে লাভ হয়েছে আবাহনীর। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আবাহনী আজ জিতলে ব্যবধান হবে ৬ পয়েন্ট। প্রথম পর্বে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। মুক্তির ওই জয়ের দুই নায়ক জাহিদ হাসান (এমিলি) ও লিমা কাল খেলতে পারেননি চোটের কারণে। আর মাঠে নেমেও সানডে-উইলকক্সদের কেউই স্বাভাবিক খেলা খেলতে পারলেন না। অবশ্য প্রচণ্ড গরমে খেলাটাও ছিল কঠিন। যদিও তুলনায় শুরু থেকেই ফরাশগঞ্জ ভালো খেলেছে। জুনাপিওর একটি শট সেভ করেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক মাকসুদুর, একটি লাগে ক্রসবারে। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধাও। সেটি নষ্ট করেছেন মিঠুন। উল্টো ৮৩ মিনিটে পাল্টা আক্রমণে চিন্ডোর কোনাকুনি শট মাকসুদুরের গ্লাভসে লেগে জড়ায় জালে। শেষ তিন মিনিটে অনেক আক্রমণ করেও গোল করতে পারেনি মুক্তিযোদ্ধা। এমন হারের জন্য প্রচণ্ড গরমকেই দুষেছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল, ‘২৫ দিন পর মাঠে নেমে এই প্রচণ্ড গরমে খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়েছিল।’ ম্যাচ শুরুর আগে চিহ্লা মং চৌধুরী মারীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।