অঘটন এবং চমক!ঘরোয়া ফুটবলে এই দুটি শব্দ কাল ছিল আলোচিত। কমলাপুর স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে নবাগত কক্সসিটির অবিশ্বাস্য জয়! ২৭ বছর পর ফুটবলে ফেরা বিজেএমসি কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩-২ গোলে হারিয়ে দিল প্রতিষ্ঠিত শক্তি মুক্তিযোদ্ধাকে। একে তো চমক আপনি বলবেনই।কাগজে-কলমে দ্বিতীয় সেরা দল মুক্তিযোদ্ধার হারের আভাস পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। কক্সসিটিকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে ফেডারেশন কাপ শুরু করেছে লাল-সাদারা, কিন্তু এদিন শুরু থেকেই তারা খোলসবন্দী। এরই সুযোগ নিয়ে আগের ম্যাচে মোহামেডানের সঙ্গে ড্র করা বিজেএমসি প্রথম কুড়ি মিনিটেই করে বসে দুই গোল।১১ মিনিটে ২৫ গজ দূর থেকে আবুলের নিরীহ ফ্রি-কিকটা আশ্রয় নেয় মুক্তির জালে! আবুল নিজেও অবাক! গোলরক্ষক মামুন খান ফ্লাইটই বুঝতে পারেননি। বল তাঁর সামনে ড্রপ খেয়ে জালে।আট মিনিট পরই মুক্তির রক্ষণ যেন ছন্নছাড়া। আবারও প্রতিপক্ষ পায় গোল উপহার। নাইজেরিয়ান মিডফিল্ডার আবদুল রশিদের টোকায় ২-০। দুই মিনিট পরই ডিভাইনের টোকায় ২-১, ৬৫ মিনিটে বিজেএমসি ডিফেন্ডার বাইবেকের সৌজন্যে ২-২। স্ট্রাইকার মিঠুন বিজেএমসির গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দেন পোস্টের দিকে। গোল বাঁচাতে গিয়ে বাইবেকের হেড ঢুকে যায় জালে। কিন্তু রেফারির রায়ে গোলটি আত্মঘাতী নয়, মিঠুনেরই।৮৫ মিনিটে ক্যামেরুনিয়ান মিডফিল্ডার জিয়ান জুলেস দুর্দান্ত ভলিতে করেন ৩-২। শেষ দিকে স্কোরলাইন যে ৪-২ হয়নি, এটা মুক্তির সৌভাগ্য। ক্রসবারে লেগে ফিরে আসে বল। দিনটাই বাজে গেছে মুক্তিযোদ্ধার। নিষেধাজ্ঞা কাটিয়ে দুই স্ট্রাইকার এমিলি ও মিঠুন কালই প্রথম মাঠে নামেন। এমিলি ছিলেন নিষ্প্রভ। গোটা দল ভুলও করেছে অনেক।হতাশ মুক্তির কোচ শফিকুল ইসলামের উপলব্ধি, ‘কক্স সিটিকে হারিয়ে বলেছিলাম, অন্যদের সঙ্গেই পরীক্ষা হবে। সেটাই হলো। আজ আমরা প্রত্যাশিত পারফর্ম করতে পারিনি। অনেক ভুল ছিল। তা ছাড়া উত্তরা থেকে ক্লাব টেন্ট ধানমন্ডিতে নেওয়া হয়েছে কালই। সব নিয়ে অনেক ঝামেলা গেছে।’ বিজেএমসির কোচ জাকারিয়া বাবুর চোখে জয়টা তাদের দলীয় ঐক্য-বর্ধক টনিক!দুই ম্যাচে মুক্তির ৩ পয়েন্ট, বিজেএমসির ৪। মোহামেডানের ১ পয়েন্ট। কালকের অঘটন আর চমক ‘এ’ গ্রুপটাকে সত্যিকার অর্থেই ‘ডেথ গ্রুপ’ বানিয়ে দিল। মোহামেডানের জন্য শেষ আটে যাওয়া বেশ কঠিন। মুক্তিকে শেষ ম্যাচে জিততে হবে মোহামেডানের বিপক্ষে।