মুক্তিযোদ্ধা অপেক্ষা বাড়াল জামালের
শিরোপা উৎসবটা কালই করে ফেলতে পারত শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু আগামীকাল ব্রাদার্সের বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। কাল মুক্তিযোদ্ধা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত শেখ জামাল। সেটা হয়নি, কক্সবাজারে চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে তারা, সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। ১৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান ১১তম স্থানে, তাদের মাথার ওপর ঝুলছে অবনমনের শঙ্কা।মুক্তিযোদ্ধা কাল ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় আরমান আজিজের গোলে। ৫০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জেমস মগা। লিগের সর্বোচ্চ গোলদাতা তাঁর গোলসংখ্যা বাড়িয়ে নিয়ে গেলেন ১৭-তে। ৬৮ মিনিটে চট্টগ্রাম মোহামেডানের গোলটি করেন শাহেদুল।আরামবাগের জয়: বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জ ২-০ গোলে হেরেছে আরামবাগের কাছে। ৬৭ মিনিটে সুবাইর করেন প্রথম গোল। অতিরিক্ত সময়ের জয় নিশ্চিত করা গোলটি বাঙ্গুরা ইসমাইলের। কাল ফরাশগঞ্জকে দেখে মনে হচ্ছিল আগের ম্যাচের ছায়া, এই দলই আগের ম্যাচে ড্র করেছিল মুক্তিযোদ্ধার সঙ্গে। স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন দলটিকে ভাবা হচ্ছিল উদীয়মান ফুটবল শক্তি হিসেবে। অথচ সেই তারাই এখন অবনমন বাঁচাতে লড়ছে। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আরামবাগ নিরাপদ স্থানে উঠে এল, পয়েন্ট টেবিলের সাতে। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রইল ফরাশগঞ্জ।অসংখ্য গোল মিস করেছেন ফরাশগঞ্জের খেলোয়াড়েরা। তবে ম্যাচ শেষে ফরাশগঞ্জ কোচ কামাল বাবু ক্ষুব্ধ হলেন অন্য কারণে। ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় স্টপার মোজেস অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন। কামাল বাবু এটাকেই দেখছেন হারের কারণ, ‘আমরা মাঠে ওয়ার্মআপ করতে চেয়েছিলাম। কিন্তু গর্তে ভরা পূর্ব গ্যালারির সামনের জায়গায় ওয়ার্মআপ করতে বাধ্য করেন বাফুফে কর্মকর্তারা। সেখানেই ইনজুরিতে পড়ে মোজেস। ম্যাচের আগে তাই স্টপার বদলাতে হয়েছে। বাফুফে আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে।’