ড্র হলে অনেক সমীকরণ, জিতলেই মোহামেডান সেমিফাইনালে। মুক্তিযোদ্ধা-শেখ রাসেল ম্যাচে আবার মোহামেডান কেন? এই ম্যাচের ফলাফলের ওপরই যে নির্ভর করছিল বর্তমান চ্যাম্পিয়নদের শেষ চারে ওঠা না-ওঠা। প্রথমার্ধের শেষ মিনিটে ১-১ হওয়ার পর তাই প্রেসবক্সে হুড়মুড়িয়ে ঢুকল ১০-১২ জন মোহামেডান সমর্থক। ‘সমঝোতার’ ম্যাচে ৩-৩ গোলে ড্র করে মুক্তিযোদ্ধা-শেখ রাসেল উঠে যাবে সেমিতে, বাদ পড়বে মোহামেডান—আগাম এই শঙ্কায় ভুগে তারা শাসিয়ে গেল বাফুফের কর্তাদের।কিন্তু ম্যাচ শেষে ওই সমর্থকদের মুখেই ফুটল হাসি। হিসাব-নিকাশের জটিলতায় যে যেতেই হলো না। শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে মুক্তিযোদ্ধা শেষ চারে উঠল, সঙ্গে নিল মোহামেডানকেও। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া মুক্তিযোদ্ধা সেমিফাইনালে পাচ্ছে আবাহনীকে। ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কালকের ম্যাচ শেষেই স্থগিত হয়ে গেছে সুপার কাপ, সেমিফাইনাল ও ফাইনাল হবে ২৮ জুলাইয়ের পর।দুই দিন আগে শেখ রাসেল কোচ মাহমুদুল হক মুক্তিযোদ্ধার বিপক্ষে অলআউট খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাল সেভাবেই খেলালেন। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় আর বিপ্লব ভট্টাচার্যের কয়েকটি সেভে জেতা হলো না।অথচ কী দুর্দান্তই না শুরু করেছিল শেখ রাসেল। ইউসুফ, মরো মোহাম্মদ, ডিউকদের আক্রমণে মনে হচ্ছিল, দিনটি তাদেরই হবে। ৩২ মিনিটে এগিয়েও গেল। বক্সের ভেতরে বাঙ্গুরা ইসমাইলের পাস, সামনে দাঁড়ানো ডিউক গোল করতে ভুল করেননি (১-০)। কিন্তু গোল খেয়েই আড়মোড়া ভেঙে জেগে উঠল মুক্তিযোদ্ধা। প্রথমার্ধের শেষ মিনিটে এল সমতাসূচক গোল, মতিউর মুন্নার পাস থেকে সমতায় ফেরালেন ম্যাচের সেরা খেলোয়াড় মিঠুন চৌধুরী (১-১)। ৬৭ মিনিটে মুক্তির নায়ক বুকোলা। বক্সের ভেতরে থাকা মুন্নার শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে বুকোলার শট জালে (২-১)।ম্যাচের ৮৪ মিনিটে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মুক্তিযোদ্ধা মিডফিল্ডার মারুফকে। বাকি সময়ে অবশ্য ১০ জনের মুক্তিযোদ্ধাকে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি শেখ রাসেল।কালই মৌসুমের শেষ ম্যাচ খেলে ফেলল শেখ রাসেল। তবে সুপার কাপের সেমিতে উঠতে না পারলেও কোচ খুশি তাঁর দলের পারফরম্যান্সে, ‘এই দল নিয়ে আমরা লিগে তৃতীয় হয়েছি। পুরো মৌসুমই ভালো খেলেছি। সব মিলিয়ে আমি খুশি।’মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক এখনই কোটি টাকা নিয়ে ভাবছেন না, ‘ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই আমি। সেমিতে অবশ্য শেখ জামালকে আশা করেছিলাম। কারণ আবাহনীর চেয়ে শেখ জামালকেই আমার কাছে সহজ প্রতিপক্ষ বলে মনে হয়।’মুক্তিযোদ্ধা: বিপ্লব, রজনী, মতিউর মুন্না, আরমান আজিজ (জাহিদ), সুইট, নাসির, পল, মারুফ, মিঠুন (জহিরুল), বুকোলা, রনি (আলমগীর)।শেখ রাসেল: মামুন, আমিনুল, প্রদীপ, বাপ্পী, আব্বাস, মরো মোহাম্মদ, মেজবাবুল, রাজু, ইউসুফ (ইমন), ইসমাইল, ডিউক (ওয়াহেদ)।