মুক্তিযোদ্ধাকে হারিয়ে চারে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপাদৌড় থেকে দুই দলই ছিটকে পড়েছে অনেক আগে। তবে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে ওঠা নিয়ে একটা মনস্তাত্ত্বিক লড়াই-ই চলছিল মুক্তিযোদ্ধা ও বিজেএমসির মধ্যে। কালকের আগ পর্যন্তও গা ঘেঁষে (পঞ্চম ও ষষ্ঠ স্থানে) চলছিল দল দুটি। কিন্তু কাল এগিয়ে গেল বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারাল মুক্তিযোদ্ধাকে। একমাত্র গোলটি করেছেন ইসমাইল বাঙ্গুরা। এই জয়ে ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে উঠে এল বিজেএমসি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ছয়েই রইল মুক্তিযোদ্ধা।শুরু থেকেই আক্রমণে যায় বিজেএমসি। আক্রমণের তোড়েই ৭ মিনিটে তারা বের করে নিয়েছে একমাত্র গোলটি। কিংসলের বাড়ানো বলে কোনাকুনি শটে গোল করেন গিনিয়ান ফরোয়ার্ড বাঙ্গুরা। লিগে এটি তাঁর ষষ্ঠ গোল। পুরো ম্যাচে বিজেএমসির পরিকল্পিত আক্রমণ ছিল এই একটাই। প্রথম পর্বে মোহামেডানকে ৪-১ গোলে হারানোর পর জয়ের স্বাদ যেন ভুলেই গেছে মুক্তিযোদ্ধা। পরের ছয় ম্যাচে দুটি ড্র করে পেয়েছে ২ পয়েন্ট। হেরেছে চার ম্যাচেই। দলের এমন ছন্দপতনের কারণ খুঁজে পাচ্ছেন না কোচ শফিকুল ইসলাম, ‘বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। ছেলেরা খেলছেও ভালো। দুর্ভাগ্য যে জয় পাচ্ছি না।’ গত মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করেছিল বিজেএমসি। কোচ জাকারিয়া বাবু এবারও সেই লক্ষ্যেই এগোচ্ছেন, ‘গতবারের মতোই এবারও চতুর্থ হয়ে লিগ শেষ করলে ভালো লাগবে।’