মুক্তিযোদ্ধায় ফিরলেন আমিনুল
ক্যারিয়ারে লম্বা একটা সময় খেলেছেন মুক্তিযোদ্ধায়। সেই মুক্তিযোদ্ধা দলে আবার ফিরে এলেন আমিনুল হক। গতকাল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করেছেন অভিজ্ঞ গোলরক্ষক।
আমিনুলের ফুটবলজীবনের শুরুটা মোহামেডানে। এক মৌসুমে মোহামেডানে খেলে পরের দুই মৌসুম ছিলেন মুক্তিযোদ্ধায়। তারপর আবাহনী ঘুরে ২০০২-০৬ পর্যন্ত কাটান সেই লাল-সাদা শিবিরেই। মুক্তিযোদ্ধার লিগ, ফেডারেশন কাপ, জাতীয় লিগ জয়সহ সব সাফল্যেই অবদান রাখা জাতীয় দলের সাবেক অধিনায়ক গত কয়েক মৌসুম খেলেছেন মোহামেডান, শেখ জামাল ও বিজেএমসিতে।
দেশের প্রথম সারির গোলরক্ষকদের তিনজন এবার শেখ জামালে—জিয়া, হিমেল, মোস্তাক। জাতীয় দলের মামুন খান মোহামেডান, সোহেল তাঁর পুরোনো দল আবাহনীতে থাকছেন। বিপ্লব নাম লেখাচ্ছেন লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেলেই।
এবার খেলবেন কি খেলবেন না, দ্বিধায় ছিলেন আমিনুল। শেষ পর্যন্ত সব দ্বিধা কাটিয়ে নিজেকে আরেকবার মাঠে তুলে ধরারই চ্যালেঞ্জ নিলেন, ‘আপাতত অবসর নিয়ে ভাবছি না। মুক্তিযোদ্ধার হয়ে অতীতে অনেক সাফল্য পেয়েছি। আবার সেই সাফল্য দিতে চাই আমার পুরোনো দলকে।’
মুক্তিযোদ্ধায় আমিনুল এবার সঙ্গী পাচ্ছেন আবাহনীর স্ট্রাইকার এনামুল, ডিফেন্ডার সিরাজী, মোহামেডানের মিডফিল্ডার মারুফকে। আর্থিক সংকট কাটিয়ে মোটামুটি মানের একটা দল গড়ছে মুক্তিযোদ্ধা।