মুক্তিযোদ্ধার ইচ্ছাপূরণ
জয়টা ভীষণ প্রয়োজন ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। ম্যাচটা ওই চিত্রনাট্য মেনেই এগিয়েছিল ৭৪ মিনিট পর্যন্ত। ১-০-তে এগিয়ে থাকা শেখ জামালের হঠাৎ ছন্দপতন ঘটল আমিনুল হকের হাতে। জাতীয় দলের এই গোলরক্ষকের কারণেই পুরো পয়েন্ট বঞ্চিত হলো তারা। জাহেদ পারভেজের আচমকা শট দুই হাত বাড়িয়ে ধরতে গিয়েছিলেন। কিন্তু বলে হাত লাগিয়েও ধরতে পারলেন না, তাঁর কাঁধের ওপর দিয়ে গিয়ে তা আশ্রয় নিল জালে। আমিনুলের মতো গোলরক্ষকের জন্য হাস্যকর দৃশ্য! শেখ জামালকে রুখে দিল মুক্তিযোদ্ধা।এই ড্রয়ে পয়েন্ট টেবিলে কোনো ওলট-পালট হয়নি। ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইল মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেখ জামাল। তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী।জাতীয় দলের বিকল্প নাম শেখ জামালকে এই মৌসুমে একবারও হারাতে পারেনি মুক্তিযোদ্ধা। লিগের প্রথম পর্বে শেখ জামাল মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল ২-০ গোলে, স্বাধীনতা কাপে জয়ের ব্যবধান ছিল ১-০। টানা দুই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা কিন্তু কালও প্রতিফলিত হয়নি মুক্তিযোদ্ধার খেলায়। শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল ছিল তাদের। অন্যদিকে শেখ জামাল খেলোয়াড়দের মধ্যেই ছিল জয়ের ক্ষুধা। আক্রমণ করেছে তারা অনেক, অবশ্যই অনেক সুযোগ নষ্ট করার মহড়া সমেত। প্রথমার্ধে গোলশূন্য শেখ জামাল দ্বিতীয়ার্ধে হয়ে ওঠে আরও আক্রমণাত্মক। ৬১ মিনিটে মিশুর পাস থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার ফেমির কোনাকুনি শটে প্রথম গোল পায় তারা (১-০)। গত দুই ম্যাচে ৭ গোল করা জেমস মগা কাল ছিলেন নিজের ছায়া। আক্রমণে তাই কোনো ধারই ছিল না মুক্তিযোদ্ধার। জলবসন্ত থেকে ফিরে কালই প্রথম মাঠে নেমেছিলেন মগার সঙ্গে লিগের সর্বোচ্চ গোলদাতা (১২টি) মিঠুন চৌধুরী। ছন্দে ছিলেন না তিনিও, খেলতে পারছিলেন না স্বাভাবিক খেলাটা। কোচ মারুফুল হক তাঁকে তুলে ৬৯ মিনিটে নামান জাহেদ পারভেজকে। ৭৫ মিনিটে তাঁরই আচমকা শট থেকেই গোল খেয়ে বসেন অপ্রস্তুত অধিনায়ক আমিনুল (১-১)। তবে আচমকা এই গোল খাওয়ার পরও জয় নিয়ে ফিরতে পারত শেখ জামাল। স্ট্রাইকারদের ব্যর্থতায় পরে পাওয়া কয়েকটি সুযোগ তারা কাজে লাগাতে পারেনি।ম্যাচ শেষে হতাশ আমিনুল স্বীকার করে নিলেন নিজের দায়, ‘এটা ছিল পুরোপুরিই আমার ভুল।’ তবে তাঁর দাবি মাঠ অসমতল ছিল বলেই এমনভাবে বল লাফিয়ে উঠেছিল। জেতা ম্যাচ মুঠো ফসকে বেরিয়ে যাওয়ায় হতাশ কোচ পাকির আলী, ‘জেতা ম্যাচ এভাবে হাতছাড়া হবে ভাবিনি। ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তবে এটা খেলারই অংশ।’ জয়বঞ্চিত হওয়ায় দুষেছেন স্ট্রাইকারদেরও, ‘আমরা অনেকগুলো সুযোগ পেয়েছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি ছেলেরা। ফিনিশিং খুবই দুর্বল ছিল।’ওদিকে শেখ জামাল ‘গেরো’ খুলতে না পারায় হতাশ নন মুক্তিযোদ্ধা কোচ মারুফুল, ‘সবার বিপক্ষেই যে জিততে হবে এমন তো কথা নেই। এটা লিগ। আর আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেভাবেই এগোচ্ছি।’ তাই বলে শিরোপার জন্য এত রক্ষণাত্মক খেলতে হবে? মারুফুলের উত্তর, ‘এটাই ছিল আমার কৌশল।’শেখ জামাল ধানমন্ডি: আমিনুল, মিন্টু শেখ, রেজাউল, আরিফুল, মিশু, মামুনুল, শাকিল (এনামুল), স্টিভ টমাস, সার্জিও, লোগা বোউগা, ফেমি।মুক্তিযোদ্ধা: বিপ্লব, রজনী, ড্যামি, ইয়ামিন, লুসিয়ানো, মারুফ, মতিউর মুন্না, রাজন (আলমগীর), আরমান আজিজ (বরিস), মিঠুন (জাহেদ পারভেজ), মগা।আজকের খেলা: ঢাকা মোহামেডান-ফরাশগঞ্জ, শেখ রাসেল-চট্টগ্রাম মোহামেডান (বিকেল ৪-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম)।