মুক্তিযোদ্ধার ক্যাম্পে দুর্ভোগ
ধানমন্ডিতে আবাহনী ক্লাবের উল্টো দিকের এক আবাসিক বাড়িতে চলছে মুক্তিযোদ্ধা ফুটবল দলের আবাসিক ক্যাম্প। এ বাড়িতে দুই মাস ধরে ওয়াসার পানি সরবরাহ নেই। বিদ্যুৎ চলে গেলে আইপিএসের ব্যবস্থাও করা হয়নি। যে কারণে খেলোয়াড়েরা পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে, যা তাঁদের মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলছে।মুক্তিযোদ্ধার অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু বলেন, ‘ওয়াসার পানি না থাকায় আমরা পানি কিনে আনি। কিন্তু কেনা পানি দিয়ে প্রয়োজন মেটে না। আমরা মাঠ থেকে ফেরার সময় গোসল করে আসি। এভাবে আর চলছে না।’গরমে এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে দুর্ভোগ বাড়ছে আরও। টিটু বলেন, ‘আইপিএস না থাকায় আমাদের দুর্ভোগ এখন অবর্ণনীয় পর্যায়ে চলে গেছে। দুই-তিন মাস ধরেই এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে। তারা এখনো সমস্যার সমাধান করতে পারেনি। কাল (আজ) খেলা। রাতে বিদ্যুৎ গেলে ঘুমের সমস্যা হবে খেলোয়াড়দের। মাঠে এর প্রভাব পড়তেই পারে।’মুক্তিযোদ্ধার ম্যানেজার আবদুস সাত্তার এ ব্যাপারে বলেন, ‘ওয়াসার লাইনে পানি না থাকলে আমরা কী করতে পারি? তার পরও আমরা পানি কিনে দিচ্ছি খেলোয়াড়দের। আইপিএস লাগানোর সিস্টেমই নেই এ বাড়িতে। বিদ্যুতের চাপ নিতে পারছে না। আমরা বাড়িটা বদলানোর চেষ্টা করছি। নতুন বাড়ি দেখছি।’