মুক্তিযোদ্ধার খুব কাছে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামালের জন্য এটা আনন্দের। একই সঙ্গে স্বস্তিরও। এবং সেটি প্রথমবারের মতো বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার। কাগজ-কলমে সেরা দল গড়েও এবারের বাংলাদেশ লিগে তৃতীয় স্থানটাই এত দিন যেন বরাদ্দ ছিল দলটির জন্য। অবেশেষে কাল ফরাশগঞ্জের বিপক্ষে ২-১ জয় শেখ জামালকে পয়েন্ট তালিকায় তুলে আনল এক ধাপ ওপরে।মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩৮, শেখ জামালের ৩৭, আবাহনীর ৩৪, শেখ রাসেলের ৩২। ১৬ রাউন্ড শেষ। আরও ৬টি করে ম্যাচ বাকি। এবারের বাংলাদেশ লিগ শেষ দিকে এসে রীতিমতো রোমাঞ্চ নিয়ে হাজির!কালকের ম্যাচটিই যেমন। সদ্য স্বাধীনতা কাপে এই ফরাশগঞ্জের কাছে সেমিফাইনালে হেরেছিল শেখ জামাল। প্রতিশোধ নেওয়ার ম্যাচে জামাল গোল পেয়ে গেল ঘাম ঝরানোর আগেই। নয় মিনিটে নাসিরের ক্রস থেকে শাকিলের আলতো টোকায় ১-০।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই শুরু তুমুল বৃষ্টি। এরই মধ্যে লড়াকু ফরাশগঞ্জ খেলায় ফিরল। ৫০ মিনিটে জোনাপিউর ঠেলে দেওয়া বল দারুণ শটে জালে পাঠান জুয়েল (১-১)। ম্যাচে তখন উত্তেজনা। শেখ জামালের পয়েন্ট হারানোর শঙ্কা। আগের দিন মুক্তিযোদ্ধার হারের সুবিধা নিয়ে জামালের দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা তখন কালো মেঘে ঢাকাই দেখা যাচ্ছিল। কিন্তু মিনিট পাঁচেক পরই শাকিলের বাড়ানো বল দেখার মতো এক শটে জালে জড়িয়ে জামালকে স্বস্তি দেন মামুনুল।শেখ জামালের গোলরক্ষক আমিনুল এদিন বেশ কয়েকবার বাধা হয়ে দাঁড়ান ফরাশগঞ্জের সামনে। তাঁর দৃঢ়তায় অঘটন ঘটেনি। নইলে প্রতি আক্রমণে বেশ কয়েকবার রক্ষণ যেভাবে নড়বড় করছিল, তাতে হয়তো বিষণ্ন মনেই ফিরতে হতো শেখ জামাল দলকে।