ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। পরের ৪০ মিনিটে গোল হলো ৮টি। গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে গোল! গ্রামীণফোন ফেডারেশন কাপের গ্রুপ পর্বে কাল এমন গোল-উৎসব করেছে মুক্তিযোদ্ধা। দুর্বল নোয়াখালী ফুটবল একাডেমিকে ৭-১ গোলে উড়িয়ে মৌসুমের শুরুটাও দুর্দান্ত করল পেশাদার লিগের রানার্সআপরা।বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল গত শনিবার। ২৮ মিনিট পর্যন্ত চলার পর বিদ্যুৎ-বিভ্রাটের কারণে স্থগিত করা হয় খেলা। ওই ম্যাচে মুক্তিযোদ্ধা এগিয়ে ছিল ২-০ গোলে। নতুন করে শুরু ম্যাচে প্রথমার্ধে বেশ ভালোই খেলছিল নোয়াখালীর দলটি। ৫০ মিনিট পর্যন্ত আটকে রাখে মুক্তিযোদ্ধাকে। ৫১ মিনিটে গোলমুখ খোলেন তরুণ জুয়েল রানা। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বিদ্যুৎ। ৫৯ মিনিটে হেড করে এই অভিজ্ঞ মিডফিল্ডারই স্কোরলাইন ৩-০ করেন। ততক্ষণে মানসিকভাবে ভেঙে পড়া নোয়াখালী রক্ষণও ভেঙে পড়েছে বালুর ঘরের মতো। যে যেভাবে পেরেছেন গোল করেছেন। ৬৭ মিনিটে ফয়সাল মাহমুদ করেন চতুর্থটি। এক হালি গোল খাওয়ার পর গোলরক্ষক সুশীলকে উঠিয়ে মাঠে নামানো হয় মিনহাজকে। তাতেও রক্ষা হয়নি! ৭৪, ৭৫ ও ৮৫ মিনিটে আরও তিন গোল করেন শিহাব, বিপ্লব ও রনি। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন একাডেমির মুরাদ। শেষ বাঁশি বাজার মিনিট খানেক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নোয়াখালীর দ্বিতীয় গোলরক্ষক মিনহাজ। ওই সময় হ্যাটট্রিকই হয়ে যেতে পারত বিদ্যুতের। বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকটা দুর্ভাগ্যজনকভাবে ক্রসবারে প্রতিহত হয়।সর্বশেষ কবে গোল করেছেন বিদ্যুৎ ম্যাচ শেষে সেটা মনেও করতে পারছিলেন না, ‘২০০৯-১০ সালে হবে হয়তো। তবে কোন ম্যাচে সেটা মনে নেই।’ এমন দুর্দান্ত শুরুর পর উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম (মানিক) বললেন, ‘ওই দিন ম্যাচ পরিত্যক্ত হয়ে সমস্যা হয়নি। বরং একটা ওয়ার্মআপ ম্যাচ বেশি খেললাম।’ নোয়াখালী একাডেমির কোচ জহির উদ্দিনের কথা, ‘গত ম্যাচে খেলা চার-পাঁচজন চট্টগ্রামে লিগ খেলতে গেছে। সমস্যাটা ওখানেই।’