মুক্তিযোদ্ধার টানা দ্বিতীয় জয়
এত দিন একটা জয়ই পরম আকাঙ্ক্ষিত ছিল ধুঁকতে থাকা মুক্তিযোদ্ধার কাছে। সেই মুক্তিযোদ্ধা পেয়ে গেল তিনটি জয়। এর মধ্যে শেষ দুটি পরপর দুই ম্যাচে। চট্টগ্রাম আবাহনীর পর কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জকে হারাল মুক্তিযোদ্ধা। ব্যবধান বড়ই হতে পারত। কিন্তু তা হয়নি, ২৩ মিনিটে রনি ইসলামের করা ম্যাচের একমাত্র গোলটি ধরে রেখে মাঠ ছাড়তে পেরেছে তারা।এদিন মুক্তিযোদ্ধা মাঠে নেমেছিল বিদেশি খেলোয়াড় ছাড়াই। কোচ আতিকুর রহমান জানিয়েছেন, চার বিদেশির একজন (কামারা) আগেই চলে গিয়েছেন। বাকি তিনজন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। এ কারণে তাঁদের আর মাঠে না নামিয়ে বিদায় করে দেওয়া হবে। জানা গেছে, ওই বিদেশিরা নিজেরাও খেলতে চাননি কালকের ম্যাচে।এই জয়ে ১১ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০। সমান ম্যাচে ফরাশগঞ্জের পয়েন্টও ১০। বাংলাদেশ লিগে আজ খেলা নেই। আগামীকালের খেলা: বিয়ানীবাজার-রহমতগঞ্জ (সিলেট স্টেডিয়াম, ৫টা)। ফেনী সকার-চট্টগ্রাম আবাহনী (ফেনী, ৩-৩০ মি.)। শুকতারা-আরামবাগ (নারায়ণগঞ্জ, ৩-৩০ মি.)।