মুক্তিযোদ্ধার নায়ক সেই মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মিনিটে গোল করেই গ্যালারির দিকে ছুটে গেলেন মিঠুন চৌধুরী। মুখে আঙুল দিয়ে ‘চুপ’ করতে বললেন কাউকে। কিন্তু এর অনেক আগেই চুপ হয়ে গেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গ্রামীণফোন বাংলাদেশ লিগে কাল মুক্তিযোদ্ধার কাছে ৩-০ গোলে হেরে গেছে তারা। আবারও জোড়া গোল মিঠুনের। অন্যটি রজনীর। মুক্তিযোদ্ধার কাছে এই পরাজয়ে লিগে অপরাজিত থাকার তকমাটা আর থাকল না শেখ রাসেলের গায়ে।ব্রাদার্সের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু মিঠুনের এবারের লিগ। শেখ জামাল ও আরামবাগের বিপক্ষে গোল পাননি। চতুর্থ রাউন্ডে এসে ফেনী সকারের বিপক্ষে আবার দুই গোল। কালও করলেন জোড়া গোল। পাঁচ ম্যাচে ৬ গোল করে এ পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা নারায়ণগঞ্জের ২১ বছরের তরুণ।টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল মুক্তিযোদ্ধা। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে ৩ জয়, ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তাদের পরে ঢাকা আবাহনী ও শেখ রাসেল।শুরু থেকেই আক্রমণে যাওয়া মুক্তিযোদ্ধা প্রথম গোলের দেখা পায় ১৮ মিনিটে। মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লবের ভলি গিয়ে পড়ে শেখ রাসেলের বক্সের সামনে। শেখ রাসেল গোলরক্ষক মামুন এগিয়ে আসার আগেই দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়ানো মিঠুন তাতে হেড করে এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে (১-০)। হেড থেকেই মুক্তিযোদ্ধার দ্বিতীয় গোল, ২৯ মিনিটে দ্বিতীয় গোল করেন অধিনায়ক রজনী। প্রথমার্ধে ২-০-তে এগিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা দ্বিতীয়ার্ধে হয়ে পড়ে রক্ষণাত্মক। সেই সুযোগে কয়েকবার আক্রমণে ওঠে শেখ রাসেল। কিন্তু সুযোগ নষ্ট করেছেন মরোক্কান স্ট্রাইকার ইউসেফ। বল ধরে পায়ের অতিরিক্ত কাজ দেখাতে গিয়েই গুবলেট করে ফেলেছেন তিনি। ৫১ মিনিটে সুযোগ পান ইউসুফ। চার্লসের বাড়ানো বলে শুধু পা ছোঁয়ানোর কাজটাই করতে পারেননি। শেষ দিকে আবারও আক্রমণে উঠে মুক্তিযোদ্ধা পেয়ে যায় তৃতীয় গোল, বুকোলার পাস থেকে মিঠুনের শট জালে (৩-০)। জয়ের আশা নিয়েই মাঠে এসেছিলেন মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক। কিন্তু জয়টা এত সহজে ধরা দেবে ভাবতে পারেননি, ‘জয়ের জন্যই মাঠে নেমেছিলাম আমরা। খেলোয়াড়দের মোটিভেশনও ভালোই ছিল। তবে এত সহজ জয় পাব আশা করিনি।’ শেখ রাসেলের কোচ মাহমুদুল হক হতাশ, ‘আমার বেশির ভাগ খেলোয়াড় ইনজুরিতে। সেরা একাদশ নামাতে পারিনি। ছেলেরা অনেক বেশি মিস করেছে।’ জোড়া গোলের মালিক মিঠুনের দৃষ্টি দূরের বাতিঘরে, ‘খুবই ভালো লাগছে আমার। এই মৌসুুমের সর্বোচ্চ গোলদাতা হতে চাই।’মুক্তিযোদ্ধা: বিপ্লব, পল, রজনী, লুুসিয়ানো, জাহেদ পারভেজ (রনি), মতিউর মুন্না (রানা), ইয়ামিন, মারুফ, আরমান আজিজ, মিঠুন (নাসির), বুকোলা।শেখ রাসেল: মামুন, উত্তম, আমিনুল, আব্বাস, চার্লস, মোবারক (ওয়াহেদ), ইমরুল, মাহফুজুর, ইউসেফ, রাজু (সামির ওমারি), ইউসুফ।