মুক্তিযোদ্ধার প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে জয়ের দেখা পেল মুক্তিযোদ্ধা। টানা পাঁচ ম্যাচ হারের পর অবনমনের শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধা আগের ম্যাচে গোলশূন্য ড্র করেছিল শুকতারা যুব সংসদের সঙ্গে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল তারা ৩-২ গোলে জিতল আরামবাগের বিপক্ষে। এই জয়ে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে এক ধাপ ওপরে উঠে দাঁড়াল তারা। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আরামবাগ।৩৬ মিনিটে আলফাজের গোলে আরামবাগই এগিয়ে গিয়েছিল প্রথম। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মুক্তিযোদ্ধা। ৫০ মিনিটে কাঞ্চন গোল শোধ করার পর ৬৬ মিনিটে বিদ্যুত্ দলকে এগিয়ে নেন। আর ম্যাচ শেষের এক মিনিট আগে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেন ফুয়াদ। খেলার শেষ মিনিটে আরামবাগের নিকোডিমাস করেন ১টি গোল।জয়ের দেখা পেয়ে মুক্তিযোদ্ধার কোচ গোলাম সারোয়ার টিপু খুশি। এখন তাঁর লক্ষ্য অবনমন এড়ানো, ‘জিততে পেরে খুবই ভালো লাগছে। আমরা এর আগে ফেনী সকারের বিপক্ষে এগিয়ে থেকেও হেরে গিয়েছিলাম। শুকতারার বিপক্ষে ড্র করেছি ঠিকই, তবে ওরা আসলে অনেক ভালো দল। এখন আমাদের লক্ষ্য থাকবে অবনমন এড়ানো। সামনের ম্যাচ থেকে সে লক্ষ্যেই খেলব আমরা।’