মুক্তিযোদ্ধার রাসেল-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করার পর এনকোচা কিংসলেকে ঘিরে সতীর্থদের উল্লাস। মুক্তিযোদ্ধার জয়ে দুই বছর নয় মাস পর গোল করে অবদান রেখেছেন এনামুলও (ডান থেকে দ্বিতীয়)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আলো
গোল করার পর এনকোচা কিংসলেকে ঘিরে সতীর্থদের উল্লাস। মুক্তিযোদ্ধার জয়ে দুই বছর নয় মাস পর গোল করে অবদান রেখেছেন এনামুলও (ডান থেকে দ্বিতীয়)। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আলো

গোল করেই ছুটলেন ডাগআউটের দিকে। কোচ শফিকুল ইসলামের সঙ্গে হাত মিলিয়ে চড়ে বসলেন সতীর্থ এক খেলোয়াড়ের কোলে। ততক্ষণে আরও কয়েকজন ঘিরে ধরেছেন। আনন্দ-উচ্ছ্বাসে এনামুল হক হারিয়ে গেলেন সতীর্থদের ভিড়ে!
স্ট্রাইকার এনামুল হকের কাছে এই গোলটা দীর্ঘ প্রতীক্ষিত। ঘরোয়া ফুটবলে দুই বছর নয় মাস পর সেটিও এল এমন দিনে, চ্যাম্পিয়ন শেখ রাসেলকে কিনা হারিয়ে দিয়েছে এনামুলের দল মুক্তিযোদ্ধা। প্রিমিয়ার লিগে কাল ট্রেবলজয়ী শেখ রাসেলকে ২-১ গোলে হারানোর ম্যাচে মুক্তিযোদ্ধার প্রথম গোলটি এনামুলেরই।
জাতীয় দলে নিয়মিত স্ট্রাইকার ছিলেন। সেই এনামুল অনেকটা হারিয়ে যেতে বসেছিলেন সাম্প্রতিক সময়ে। কাল আবার গোল করে আলোচনায় এলেন। ২০১১ সালের এপ্রিলে শেখ জামালের হয়ে সর্বশেষ গোল করা এনামুল আগের বছরের নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে করেছিলেন শেষ গোল (গুয়াংজুতে এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষে)।
সেই খরা কাটল এনামুলের। কিন্তু শেখ রাসেল পড়ে গেল খারাপ সময়ের বৃত্তে। প্রথম দুই ম্যাচে জয়, তৃতীয় ম্যাচে ব্রাদার্সের কাছে হার। চতুর্থ ম্যাচে ফেনী সকারকে হারিয়ে পঞ্চম ম্যাচে আবার হার। শেখ রাসেলকে এবার বেশ এলোমেলো লাগছে। এদিন স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি। নতুন মিডফিল্ডার মিলিয়েন প্যাসকাল মাঠে নামার আগেই পেটের পীড়ায় অসুস্থ হয়ে আপাতত ক্লিনিকে ভর্তি। চোটের কারণে মোহামেদ আমিনিকেও পাওয়া যায়নি। শুধু ইউনেস রক্সই যা একটু চেষ্টা করলেন। স্ট্রাইকার মিঠুন চৌধুরী মাঠে নেমেছিলেন কোনো অনুশীলন ছাড়াই। আগের দিন অনুশীলনে চোখে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। কাল সেখান থেকে এসে খেললেন। সেই সুযোগটা ভালো করেই কাজে লাগিয়েছে মুক্তিযোদ্ধা।

২২ মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বক্সের ভেতরে জটলায় এনামুলের শট ডিফেন্ডার রেজার গা ঘেঁষে জালে। ৫১ মিনিটে এনকোচা কিংসলের জোরালো শটে ২-০। ৭৩ মিনিটে মিঠুনের ক্রস থেকে মরোক্কান ফরোয়ার্ড ইউনেস রক্স দারুণ হেডে ২-১ করেছেন। তবে ম্যাচে আর ফিরতে পারেনি গতবারের ট্রেবলজয়ীরা।

এই হারে হতাশ শেখ রাসেলের কোচ মারুফুল হক দুষলেন ফুটবলারদের, ‘মুক্তিযোদ্ধার বিদেশিরাই পার্থক্য গড়ে দিয়েছে। আজ আমাদের কেউই ভালো খেলতে পারেনি।’ মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ছিলেন উচ্ছ্বসিত, ‘গত কয়েকটি ম্যাচে গোলমুখে গিয়েও গোল করতে পারছিল না ছেলেরা। এই ম্যাচে সেটি হয়েছে। আমি খুশি।’

গোল-বন্ধ্যাত্ব কাটিয়ে আনন্দে আত্মহারা এনামুল। গোলটা উৎসর্গ করেছেন নয় মাস বয়সী ছেলে ইনারুল হক নিবিড়কে, ‘এই গোলটা আমার ছেলেকে উৎসর্গ করলাম। আমার আত্মবিশ্বাস আরও বাড়ল। আশা করি নিয়মিতই গোল পাব।’

এনামুলের দল মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত ভালোই এগোচ্ছে লিগে। পাঁচ ম্যাচে পয়েন্ট ৭। রাসেলের সংগ্রহ ৯ পয়েন্ট। লিগের যাত্রাটা এবার বেশ কঠিন হয়ে উঠেছে চ্যাম্পিয়নদের জন্য!