৩৫ গজ দূর থেকে তাঁর অসাধারণ ফ্রি-কিক সরাসরি আরামবাগের জালে। আরেকটি দূরপাল্লার কোনাকুনি শটে ফের লক্ষ্যভেদ। এটি প্রায় ৩০ গজ দূর থেকে। বক্সের বাইরে জোরালো শটে পূর্ণ হ্যাটট্রিক।তিনটি গোলই ছবিতে বাঁধাই করে রাখার মতো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ৪৫, ৫৯ ও ৮১ মিনিটের ৩ গোলে মুক্তিযোদ্ধার কাছে উড়ে গেছে আরামবাগ (৪-১)।লিমা ইংরেজি প্রায় বলতেই পারেন না। তাঁকে ‘কেমন লাগছে’, বোঝাতে গিয়ে সাহায্য নিতে হলো মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামসহ টিম ম্যানেজমেন্টের আরও অনেকের। ‘আই ফিল গুড’ বলতেও তাঁর দু-তিন মিনিট সময় লেগে গেল। শুধু হাসেন। আর কথা বলার জন্য সামনে ঠেলে দেন টিম কোচকে। কোচ শফিকুল বললেন, ‘ওর শ্যুটিং পাওয়ারটা দারুণ। সেটিরই ফল পেয়েছে। দলের প্রতি ও দায়বদ্ধ। পায়ে ব্যথা নিয়েও বলেছে “আমি খেলব”।’মাঝে চোটের কারণে তিনটি ম্যাচ বাইরে ছিলেন। এরপর টানা তিনটি ম্যাচ খেললেন। লিগে এর আগে গোল পেয়েছিলেন দুটি। আগের ম্যাচে ২ গোল পাওয়া মিঠুন লাল কার্ডের কারণে কাল ছিলেন না। লিমা জ্বলে উঠলেন মুক্তিযোদ্ধার খুব প্রয়োজনের সময়ে। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটায় ফরাশগঞ্জের কাছে হেরে খাদের কিনারে চলে যাওয়া মুক্তিযোদ্ধার এ জয়টা বড় স্বস্তির। আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে লিগটা জমিয়ে দিয়েছে মোহামেডান। কাল জিতে শীর্ষে থাকা আবাহনীকে ধরে ফেলেছে তারা। দুই দলেরই পয়েন্ট এখন ৩০। তবে মুক্তিযোদ্ধা একটি ম্যাচ বেশি (১৪) খেলেছে। প্রথমার্ধে কিছুটা এলোমেলো থাকলেও দ্বিতীয়ার্ধে গুছিয়ে ওঠে মুক্তিযোদ্ধা। তবে আরামবাগ ২-১ করে একটু চাপেই ফেলে দিয়েছিল তাদের। ৬৬ মিনিটে বদলি খেলোয়াড় খালিদের ক্রসে বেঞ্জামিনের হেডে ওই গোল। মামুনুল ৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে করেন ৪-১। এই হারে আরামবাগের অবনমনশঙ্কাটা আরও জোরালো হয়েছে। ১৪ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে দলটি কাঁপছে!