মুক্তিযোদ্ধার হলেন এমিলি-শাকিলরা
গলায় ফুলের মালা, হাতে ফুলের তোড়া। মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় কাল বরণ করে নিলেন আসন্ন মৌসুমের ফুটবলারদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের জন্য কাল ছয়জন খেলোয়াড়কে দলে টানল মুক্তিযোদ্ধা। আর পুরোনো ১৩ জনের বাড়াল চুক্তি। মুক্তিযোদ্ধায় খেলোয়াড় তাই আপাতত ১৯ জন।মুক্তিযোদ্ধার এই নতুন ৬ খেলোয়াড় হলেন ধানমন্ডি শেখ জামাল থেকে আসা জাহিদ হাসান এমিলি, রেজাউল করিম, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম ও মামুনুল ইসলাম। শেখ রাসেল থেকে এসেছেন মামুন খান। দলবদলের দিনে নতুন কোচের নামও ঘোষণা করেছে গতবারের বাংলাদেশ লিগ রানার্সআপরা—সাবেক কোচ শফিকুল ইসলাম। মোহামেডান থেকে শফিকুল ইসলামের সঙ্গে জুটি বেঁধে এসেছেন গোলরক্ষক কোচ মোহাম্মদ পনির। নতুন এই দলকে নিয়ে বেশ আশাবাদী মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব এমদাদ হোসেন, ‘আমরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল গড়েছি।’ তাঁর আশাবাদ, বিষবাষ্পও থাকবে না আসন্ন মৌসুমে, ‘আমরা আশা করি, আগামী লিগটা স্বচ্ছ হবে। কোনো পাতানো খেলা হবে না। কারণ, আমরা নিজেরা সব সময় পাতানো খেলার বিরুদ্ধে।’