২০ ম্যাচের লম্বা পথ। এখনো যেতে হবে অনেক দূর। তবে প্রথম তিন রাউন্ড মুক্তিযোদ্ধার গাড়িটা ঠিকঠাক চলল। ইঞ্জিন বেশ সচল। জ্বালানিও প্রচুর। আত্মবিশ্বাসে বলীয়ান হয়েই বাকি পথটা চলার সাহস পাচ্ছে মুক্তিযোদ্ধা। ফরাশগঞ্জকে ২-০, ফেনীর মাঠে ফেনী সকারের বিপক্ষেও জয় ২-০ গোলে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে জয়টা আরও বড়, ৩-০। প্রথম তিন ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল হারিয়েছে ৫ পয়েন্ট, মুক্তিযোদ্ধার পুরো ৯ পয়েন্ট। অনেক প্রতিদ্বন্দ্বিতা এবারের লিগে। একেকটা ম্যাচ জেতা একটা বাধা পেরোনোর মতো। আবাহনী দুই ম্যাচের দুটিই জিতেছে। মোহমেডান-বিজেএমসি একটি করে ম্যাচ খেলে পেয়েছে পুরো পয়েন্ট। শেখ জামালের মতো বেকায়দায় আছে শেখ রাসেল। দুই ম্যাচে দুটিই ড্র করেছে দলটি। মুক্তিযোদ্ধা এই মৌসুমে কাগজ-কলমে দ্বিতীয় সেরা। কাগজের হিসাবে সবার ওপরে আবাহনী। দুটি ম্যাচেই আবাহনী জ্বলে ওঠার আভাস দিয়ে রেখেছে। মাঠের খেলায় মুক্তিযোদ্ধাও ধারালো। কাল অনেকটা নির্ভার ফুটবলই খেলল লাল-সাদারা। জয়ের জন্য ভাবতেই হয়নি। প্রথমার্ধেই দুই গোল পেয়ে যাওয়ায় চাপ কমে যায় একেবারেই। খেলাও ছিল যথেষ্ট গোছানো এবং আক্রমণাত্মক। প্রথম দুটি গোলই করেছেন স্ট্রাইকার এমিলি। ম্যাচের শেষ দিকে সানডে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন। সানডে গোল করার নেশায় অনেক সুযোগ হারিয়েছেন। স্বার্থপরের মতো নিজেই গোল করতে গিয়েছেন, যেটি ছিল দৃষ্টিকটু। শেষ পর্যন্ত গোল করেই ছেড়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। দারুণ এক শটে লক্ষ্যভেদ। আর এই গোল করে মাঠ থেকে ভো দৌড়ে সোজা চলে যান দোতলায় ড্রেসিং রুমের সামনে। হলুদ কার্ড পান অবধারিতভাবে। মুক্তিযোদ্ধার এমন ভালো খেলার পেছনে মাঝমাঠটাই আসল। বল-প্লেয়ার মামুনুল, শাকিল, লিমা আক্রমণ তৈরিতে ভূমিকা রাখছেন। এঁরাই খেলাচ্ছেন গোটা দলকে। মাঝমাঠ যখন বল তৈরি করে দেয়, তখন স্ট্রাইকারদের গোল বের করতে সমস্যা হয় না। মুক্তিযোদ্ধাকেও তাই তাকাতে হচ্ছে না পেছনে।দুই ভাই শাকিল-এমিলি এবার নিয়ে তিন মৌসুম এক দলে খেলছেন। ভাইয়ের সঙ্গে বোঝাপড়াটাও এমিলির গোল পাওয়ার অন্যতম কারণ। প্রথম ম্যাচে এক গোল করেছিলেন, সেটি অবশ্য থালায় সাজানো। কালকের দুটির প্রথমটি শাকিলের আলতো লব পেয়ে হেডে। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল। জায়গামতো থেকে প্লেসিং।ম্যাচের পর এমিলিকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। ‘ভাইয়ের সঙ্গে বোঝাপড়াটা আমার ভালো হচ্ছে’—এমিলি যখন বলছিলেন এই কথা, তখন মুক্তিযোদ্ধার তাঁবুতে যেন বসন্তের বাতাস। দলের পারফরম্যান্সে সবাই খুশি। বাতাসটা লাগল কোচ শফিকুল ইসলামের গায়েও, ‘আস্তে আস্তে ভালো খেলছি আমরা। আশা করি জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’ মুক্তিযোদ্ধা: মামুন খান, আরিফুল, রেজাউল (নাসির), ড্যামি, রাফায়েল, মামুনুল, শাকিল, লিমা, মিঠুন (কাঞ্চন), এমিলি, সানডে।রহমতগঞ্জ: সুজন, শিমুল, জাহাঙ্গীর, সুফিয়ান, রনি, বিপ্লব, বিপুল (মিলন), ডিভাইন, দুম্বা, ফ্রান্সিস, বাঙ্গুরা (শংকর)।