মুক্তির অপেক্ষায় যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটার শেষ টানার একেবারে প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যানসার নামের মরণব্যাধির সঙ্গে যে যুদ্ধে নেমেছিলেন, তাতে তাঁকে জয়ী ঘোষণার অপেক্ষায় চিকিৎসকেরা। আর একটি কেমো নিলেই সম্পন্ন হবে যুবরাজ সিংয়ের কেমোথেরাপি। ভারতের গত বিশ্বকাপ জয়ের প্রধান নায়ক আবারও মুক্ত পৃথিবীতে বুক ভরে শ্বাস নেওয়ার অপেক্ষায়।ভক্তদের কাছে বার্তা পাঠাতে টুইটই এখন তাঁর একমাত্র অবলম্বন। যুক্তরাষ্ট্রে চিকিৎসারত এই ভারতীয় অলরাউন্ডার পরশু টুইট করেছেন, ‘শেষ কেমোটা নিতে আর চার দিন বাকি। হে প্রভু, এটা দিয়ে মুক্ত হওয়ার জন্য আমার আর তর সইছে না।’ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের সতীর্থ মুরালি কার্তিক এর উত্তরে টুইট করেছেন, ‘ঈশ্বর তোমাকে দেখছেন। ভারতের সব জায়গায় তোমার জন্য অজস্র প্রার্থনা হচ্ছে। শিগগিরই আমাদের দেখা হবে।’একটা ছবিও টুইটারে পোস্ট করেছেন ‘যুবি’। পরনে লাল টি-শার্ট। মাথায় সাদা একটা পট্টি। বিছানায় আধশোয়া, বুড়ো আঙুল উঁচিয়ে ধরে আছেন। যেন বোঝাতে চাইছেন, ‘সব ঠিক আছে বন্ধু।’ মার্চেই শেষ হয়ে যাবে মূল চিকিৎসা। এপ্রিল থেকে শুরু হবে পুনর্বাসন। সতীর্থ রাহুল দ্রাবিড় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। তাঁকেও টুইটারের মাধ্যমেই শ্রদ্ধা জানিয়েছেন যুবরাজ, ‘ক্রিকেটের আকাশে অস্ত হলো এক কিংবদন্তির। জ্যামির (দ্রাবিড়) সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটা ছিল বিরাট সম্মানের। দাঁতে দাঁত চেপে লড়াই করার সাহস ছিল তার, ছিল দৃঢ়প্রতিজ্ঞা, কর্মনিষ্ঠা ছিল অন্যের জন্য অনুকরণীয়। তার প্রস্তুতিতে কখনো কোনো খামতি থাকত না। তার মনোযোগে কখনো চিড় ধরেনি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ও একটা উদাহরণ। দ্রাবিড়ের শূন্যতা অবশ্যই অনুভব করবে সবাই। তার অবসরজীবন সুন্দর কাটুক। তোমাকে ও তোমার পরিবারের জন্য সুস্বাস্থ্য ও শুভকামনা জানাচ্ছি।’ ওয়েবসাইট।