মুক্তির আছে এক মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চতা মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি। এই উচ্চতা নিয়ে ‘জেনে-বুঝেই’ স্ট্রাইকার হয়েছেন। লম্বা ডিফেন্ডারদের সঙ্গে হাওয়ায় হয়তো পেরে ওঠেন না। তবে সুযোগের সন্ধানে থাকলে ঠিকমতো বলের জায়গায় যেতে লম্বা হওয়ার দরকার নেই। এটাই বারবার মনে করিয়ে দিচ্ছেন মিঠুন চৌধুরী।নারায়ণগঞ্জের এই স্ট্রাইকার দুই ম্যাচে চারটি গোল করেছেন, যা এখন পর্যন্ত বাংলাদেশ লিগের চতুর্থ রাউন্ডে তাঁকে রেখেছে গোলদাতা তালিকার শীর্ষে। প্রথম ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে তাঁর দুই গোল মুক্তিযোদ্ধাকে দিয়েছে এবারের পেশাদার লিগে শুভসূচনা। কাল চতুর্থ ম্যাচেও দুই গোল করে ফেনী সকারের বিপক্ষে জেতালেন মুক্তিযোদ্ধাকে (২-১)।এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল মুক্তিযোদ্ধা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ রাসেল। আবাহনীর পয়েন্ট ৭। তিন ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৫।দেশের সেরা দুই স্ট্রাইকার এমিলি-এনামুল গোলের রাস্তা ভুলে গেছেন। চার ম্যাচেও শেখ জামালের দুই তারকা গোলহীন! মুক্তিযোদ্ধার মূল স্ট্রাইকার নাইজেরিয়ান বুকোলা ওলালেকানও গোলের খাতা খুলতে পারেননি। ফেডারেশন কাপে গোল পাননি। গোল না পাওয়ার একটা ব্যাখ্যা শোনা গেল তাঁর মুখে, ‘এটাই ফুটবল। তা ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর কমলাপুর স্টেডিয়াম এক নয়। এই মাঠে আমার সমস্যা হচ্ছে।’মিঠুনের কালকের দুটি গোল এসেছে স্রেফ সুযোগের সদ্ব্যবহার করে। বিরতির ঠিক আগে সতীর্থ বুকোলার হেডে নামিয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে করেছেন ১-০। ৫৬ মিনিটে বুকোলারই দারুণ শট সকারের গোলরক্ষক পিরুজ্জামানের হাত গলে বেরিয়ে গেলে মিঠুন জালে ঠেলে দেন বল (২-০)।প্রথমার্ধে আক্রমণেই যায়নি ৪ ম্যাচে দুই পয়েন্ট পাওয়া সকার। মুক্তিযোদ্ধা যেন ‘বাঘ’, আর এই বাঘের ভয়েই তারা কুঁকড়ে থাকল। দুই গোল খেয়ে অতঃপর হুঁশ ফেরে সকারের। রক্ষণাত্মক ফুটবল ছেড়ে আক্রমণে উঠে ফল পেয়েছে ৭২ মিনিটে। বদলি হিসেবে নামা তৌহিদুলের হেডে একটি গোল ফিরিয়ে দিয়েছে তারা (২-১)।মুক্তিযোদ্ধা: বিপ্লব, রজনী, সৈকত, লুসিয়ানো, মতিউর মুন্না, মারুফ, আরমান আজিজ (জহিরুল), ইয়ামিন মুন্না (টিটু), জাহেদ পারভেজ (আলমগীর রানা), মিঠুন, বুকোলা।ফেনী সকার: পিরুজ্জামান, শাহিনুর, ওকোই ভিক্টর, শিপন, নাদের, নয়ন, সোহেল, মামুন (তৌহিদুল), সাইফ, পলাশ, ডমিনিক।