মুক্তির আশায় লুসানে বাট-আসিফ
শাস্তি পাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে শাস্তি মওকুফের আশায় দেশ ছাড়লেন সালমান বাট ও মোহাম্মদ আসিফ। ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি আইসিসি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল স্পট ফিক্সিংয়ে জড়িত তিন পাকিস্তানিকে। পরশু রাতে সুইজারল্যান্ড রওনা হয়েছেন বাট ও আসিফ। লুসানের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আসিফের আপিল আবেদনের শুনানি হবে আজ। আগামীকাল হবে বাটের। নিষিদ্ধ ত্রয়ীর অন্যজন, মোহাম্মদ আমির দোষ স্বীকার করে আর আপিল করেননি।লুসান-যাত্রায় বাটের সঙ্গী হয়েছেন তাঁর লন্ডনভিত্তিক আইনজীবী ইয়াসিন প্যাটেল। সাবেক পাকিস্তান অধিনায়কের আশা, কলঙ্ক থেকে মুক্তি মিলবে তাঁর, ‘দুই বছর ধরেই আমি নিজেকে নির্দোষ বলে আসছি। আমার ও আমার পরিবারের জন্য এই সময়টা ছিল ভয়াবহ। আশা করি, এই আপিল শুনানি আমার জন্য সুসংবাদ বয়ে আনবে। নামের সঙ্গে লেগে থাকা এই কলঙ্ক আমি ঘোচাতে চাই, চাই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে।’আসিফের সঙ্গী আরেক লন্ডনভিত্তিক আইনজীবী রবি সুকুল। আসিফের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তাঁর আইনজীবী দারুণ আত্মবিশ্বাসী, ‘বিশ্বমানের দুই ক্রিকেটার জড়িত বলে এটা খুবই আলোচিত মামলা, পুরো ক্রিকেট-বিশ্বের দৃষ্টি এদিকে। আমরা লড়াই করব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য, আসিফ খুবই চনমনে আছে।’স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে তিন পাকিস্তানিকেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। সঙ্গে পাঁচ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাটকে, আসিফকে দুই বছরের। নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে ২০১৫ সালের সেপ্টেম্বরের আগে মাঠে নামতে পারবেন না কেউই। মিথ্যা বলা ও প্রতারণার অভিযোগে ইংল্যান্ডে জেলও খাটতে হয়েছে তিনজনকে। এএফপি, রয়টার্স ও ওয়েবসাইট।