ক্ষোভ, ক্ষোভ আর ক্ষোভ! ২-২ ড্র ম্যাচে দুই দলেরই ক্ষোভ রেফারি আবদুল হান্নান মিরনের বিরুদ্ধে। দুই দলের খেলোয়াড়েরা জড়ালেন হাতাহাতিতে। গ্যালারি থেকে পানির বোতল পড়ল মাঠে। আগাগোড়া উত্তেজনার রেণু ছড়িয়ে খেলাটাও হলো বেশ আকর্ষণীয়।ফ্লাডলাইটে খেলা শুরু হওয়ার পর দর্শকসংখ্যা একটু বেড়েছে। কাল চার-পাঁচ হাজার দর্শক ছিল মাঠে। তবে বার দুয়েক খেলায় ছন্দপতন ম্যাচের ভাগ্যই অনিশ্চিত করে তুলেছিল। এ দেখেই হয়তো ভাগ্যদেবতা কারও গলাতেই জয়মালা পরাতে চাননি। তবে দুবার পিছিয়েও মুক্তিযোদ্ধার কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে জিতল আসলে জেগে ওঠা মোহামেডানই।ভুল, জিতল আসলে আবাহনী। এবারের পঞ্চম বাংলাদেশ লিগে আকাশি-নীলের সবচেয়ে বড় প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। এই মোহামেডানের কাছে কদিন আগেই হেরেছে আবাহনী, তখন মোহামেডানকে ‘ধন্যবাদ’ দিয়েছে মুক্তিযোদ্ধা। এবার আবাহনীর ধন্যবাদ পাচ্ছে মোহামেডান।আজ টাঙ্গাইলে আবাহনী-বিজেএমসি ম্যাচ। আবাহনী জিতলে তাদের পয়েন্ট হবে ১৫ ম্যাচে ৩৬। মুক্তিযোদ্ধার সঙ্গে ব্যবধান হবে ৫ পয়েন্টের। ওদিকে আবাহনী ও শেখ রাসেলকে হারানোর পর মুক্তিকে রুখে দেওয়া মোহামেডান ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ভালোই হুংকার দিচ্ছে। এবারের লিগে এই প্রথম উঠে এসেছে চতুর্থ স্থানে।কাল দুবার ম্যাচে ফেরাই নয়, জিতেও যেতে পারত মোহামেডান। শেষ মিনিটে মোবারক গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। আরও একবার মুক্তি রক্ষা পেয়েছে এনডুকার শট বাইরে চলে যাওয়ায়।প্রথমার্ধটা মুক্তিযোদ্ধার। ৩০ মিনিটে নাসিরের শটে এগিয়েও যায় তারা। ৪১ মিনিটে সাদা-কালোর এনডুকা গোলরক্ষককে কাটিয়ে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে দারুণ প্লেসিং করে ১-১ করেন। ৪৪ মিনিটে ডি সুজা লিমার আবারও দারুণ ফ্রি কিকে সরাসরি বল জড়ান জালে।কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্বার মোহামেডান। ৭১ মিনিটে চিবুজা পেনাল্টি থেকে করে দিলেন ২-২। শাকিল বক্সে ফেলে দেন ইয়াসিনকে। মুক্তিযোদ্ধার দাবি, ওটা পেনাল্টি নয়। তা নিয়ে রেফারির সঙ্গে প্রথমে তর্কাতর্কি। মুক্তিযোদ্ধার ব্রাজিলিয়ান রাফায়েল ধাক্কা দেন মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার অগাস্টিনকে, সতীর্থদের কাছে ‘মেসি’ খ্যাত এই ছোটখাটো খেলোয়াড়টি কালও মাঠে ছিলেন দুর্বার। এরপর দুই দলের প্রায় সব খেলোয়াড়ই জড়িয়ে যান ধাক্কাধাক্কিতে। এ নিয়ে খেলা বন্ধ ছিল প্রায় পাঁচ মিনিট।রেফারিকে সারাক্ষণই রাখতে হয়েছে সতর্ক দৃষ্টি, ব্যবহার করেছেন সাতটি হলুদ কার্ড। তবে ম্যাচ শেষে মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের ধাওয়া খেতে হয়েছে তাঁকে। কোচ শফিকুল ইসলামের দাবি, ‘রেফারি আমাদের বিরুদ্ধে অন্যায় পেনাল্টি দিয়েছেন। অহেতুক অফসাইড ধরেছেন। তিনি আমাদের বিরুদ্ধে বাঁশি বাজিয়েছেন।’ মোহামেডান কোচ এমেকার দাবি, ‘আমাদের তিনটি পেনাল্টি দেননি রেফারি।’তিনটি পেনাল্টি এমেকা কোথায় দেখলেন, তা একটা প্রশ্ন বটে!