মুক্তির বিজেএমসি-বাধা পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপা নিষ্পত্তির ম্যাচ ছিল না। তার পরও কাল মুক্তিযোদ্ধা সমর্থকেরা বাদ্যি-বাজনা নিয়ে এল গ্যালারিতে। হতাশ হতে হয়নি তাদের, বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে আনন্দ করতে করতেই ঘরে ফিরেছে তারা। দুটি গোলই করেছেন সানডে সিজোবা।বিজেএমসি একটা বড় পরীক্ষার নাম—শিরোপা-স্বপ্নে বিভোর মুক্তিযোদ্ধা ম্যাচের আগে হয়তো এমন স্নায়ুচাপেই ভুগছিল। তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ডাগ-আউটে ছিলেন না কোচ শফিকুল ইসলাম। তবে মাঠে নেমে সে রকম কোনো পরীক্ষাই দিতে হয়নি এমিলি-মিঠুনদের। প্রথমার্ধে অবশ্য একটু অগোছালো খেলেছে মুক্তিযোদ্ধা। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটা কাটিয়ে উঠে বারবার আক্রমণে গেছে। সেই তুলনায় বিজেএমসি ছিল নিষপ্রভ। বড় ভরসা প্রধান দুই বিদেশি আজাগুয়ান আবদুল রশিদ ও ইসমাইল বাঙ্গুরা জুটিটা এদিন একদমই জ্বলে উঠতে পারেনি। রক্ষণভাগও ছিল নড়বড়ে। আসলে মুক্তিযোদ্ধার আরও বড় জয়ই পাওনা ছিল। হাস্যকরভাবে কিছু সুযোগ হাতছাড়া করেছেন জাহিদ হাসান এমিলি। ৬৫ মিনিটে শাকিলের ক্রস থেকে আলতো টোকায় প্রথম দলকে এগিয়ে দেন সানডে সিজোবা। ৭৯ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ২০-২৫ গজ দূর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান (২-০)। জোড়া গোলের সুবাদে ১৩ গোল নিয়ে লাকি পল ও ইসমাইল বাঙ্গুরার সঙ্গে গোলদাতা তালিকার শীর্ষে উঠে এলেন সানডে।আর ৪০ পয়েন্ট নিয়ে আবাহনীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এল মুক্তিযোদ্ধা। ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয়ই বিজেএমসি। মুক্তিযোদ্ধার বাকি এখনো দুই ম্যাচ। তবে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছে আবাহনী। শেষ পর্যন্ত যদি দুই দলই পয়েন্ট সমান নিয়ে লিগ শেষ করে তাহলে প্লে-অফে হতে পারে শিরোপার ভাগ্য নির্ধারণ। তবে সে পর্যন্ত যেতে চান না মুক্তি কোচ শফিকুল ইসলাম, ‘আমরা আমাদের কাজগুলো সেরে রাখতে চাই। বাকিটা নির্ভর করছে আবাহনীর ওপর।’ আজকের খেলা: রহমতগঞ্জ-আরামবাগ, মোহামেডান-ফেনী সকার (বিকেল ৪-১৫ মি., ও ৫-৩০ মি. কমলাপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়াম)।