মুক্তির বিষাদ ছাপিয়ে জামালের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টজুড়ে ভালো খেলার স্বীকৃতি, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়ে পেলেন মোটরসাইকেল। তারই ডামি চাবি হাতে সনি নর্দে  প্রথম আলো
টুর্নামেন্টজুড়ে ভালো খেলার স্বীকৃতি, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়ে পেলেন মোটরসাইকেল। তারই ডামি চাবি হাতে সনি নর্দে প্রথম আলো

বিজয়মঞ্চে ঘোষণা চলছে, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছে মুহুর্মুহু। ম্যাচ শেষে হুড়মুড়িয়ে মাঠে ঢুকে পড়া সমর্থকেরা ব্যস্ত মুঠোফোনে স্মৃতিটা ধরে রাখতে। কনফেত্তির বৃষ্টিতে ভিজে ততক্ষণে চ্যাম্পিয়নের ট্রফিটা নিয়ে উৎসবে মেতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত মৌসুমের রানার্সআপ হওয়ার জ্বালাটা এবার জুড়াল!

আবাহনী-মোহামেডানের মতো সমর্থকপুষ্ট কোনো দল নেই ফাইনালে। তবু বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রায় ১০ হাজার দর্শক। চলমান রাজনৈতিক অস্থিরতায় হাঁফিয়ে ওঠা নগরবাসীর জন্য ফাইনালটা হয়ে গিয়েছিল একটুকরো আনন্দের উপলক্ষ। গ্যালারিতে মুক্তিযোদ্ধার পতাকা, লাল-সবুজের ঢেউ। গোল মাত্র একটা হলেও কাল হতাশ হয়নি দর্শকেরা। জমজমাট একটা ম্যাচ দেখেই বাড়ি ফিরেছে তারা।

প্রত্যাশামতোই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফেবারিট শেখ জামাল। কিন্তু শিরোপানির্ধারণী গোলটার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট। মুক্তিযোদ্ধা ভালোই ভুগিয়েছে নয় কোটি টাকার দলকে। সহজেই গোল বের করতে পারছিলেন না সনি নর্দে, ওয়েডসন, ডার্লিংটনরা। তবে ম্যাচটি হাতছাড়া হওয়ার দুশ্চিন্তা কখনো পেয়ে বসেনি কোচ হিসেবে প্রথম শিরোপা জেতা আপুসিকে। যদিও শেখ জামালের কোচ মানলেন ম্যাচটি কঠিনই ছিল, ‘খুবই কঠিন একটা ম্যাচ হয়েছে, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও। শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এ জন্য খুব খুশি।’ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সনি নর্দেকে বলতে গেলে বোতলবন্দীই করে রেখেছিল মুক্তিযোদ্ধা। তাই বিকল্প কৌশল বেছে নিয়েছিলেন আপুসি, ‘আমি জানতাম ওরা সনিকে কড়া পাহারায় রাখবে। তাই অন্যদের দিয়ে গোল করানোর সুযোগ খুঁজছিলাম এবং সেভাবেই গোলটা হয়েছে।’

মৌসুমের প্রথম শিরোপা জিতে উচ্ছ্বসিত সনি নর্দে। তাঁর হাতে উঠেছে টুর্নামেন্ট-সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। মোটরসাইকেলের ডামি চাবি হাতে নিয়ে বললেন, ‘টুর্নামেন্ট জিতে মৌসুম শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। এই পুরস্কারের পুরো কৃতিত্ব সতীর্থদের।’
ম্যাচের একমাত্র গোলদাতা নাসির হোসেনও খুশি, ‘গত বছরের না পাওয়ার বেদনা এবার দূর করলাম, এ জন্যই আমার বেশি ভালো লাগছে।’ কাল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করলেন ক্লাবের সভাপতি মনজুর কাদের।

আট বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুক্তিযোদ্ধা। ফেডারেশন কাপের তিনবার চ্যাম্পিয়ন আর সাতবার ফাইনালে ওঠা দলটির ছয়বারই কোচ শফিকুল ইসলাম (মানিক)। বিজয়ের মাসে চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চেয়েছিলেন শফিকুল। কিন্তু তীরে এসে তরি ডুবেছে মুক্তিযোদ্ধার। তবে হেরেও সন্তুষ্ট তিনি, ‘আসলে ম্যাচের শেষ দিকে এসে মার্কিংয়ের ভুলে আমরা গোল খেয়ে গেছি। একটা মাত্র সুযোগ কাজে লাগিয়েই ওরা জিতে গেছে। তবে ছেলেরা পুরো টুর্নামেন্টই ভালো খেলেছে। আশা করি, লিগেও আমরা এমন খেলব।’ ১২ ডিসেম্বর শেখ জামাল অধিনায়ক মামুনুল ইসলামের জন্মদিন, কিন্তু জন্মদিনের উৎসবটা তুলে রেখেছিলেন জাতীয় দলের অধিনায়ক। কাল রাতে নিশ্চয়ই নিজের ২৬তম জন্মদিনটা ভালোই উদ্যাপন করেছেন!