মুখ খুললেন ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন জাতীয় দলের অনুশীলন ম্যাচ দেখে হতাশ ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতেই রাজি হননি। তবে কাল মনের সব দুয়ার যেন খুলে দিলেন লোডভিক ডি ক্রুইফ। কখনো ক্ষোভ, কখনো আশায় বসতি। দুইভাবেই ডাচ কোচ কাল দেখা দিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেলের অনুশীলনপর্বের পর।শুরুটাই করেছেন চড়া মেজাজে। সকালে পত্রিকা দেখে স্থানীয় এক কোচকে একহাত নিয়েছেন। ওই কোচ আগের দিন বাফুফে একাদশের বিপক্ষে ২-১ গোলে জেতা জাতীয় দলের ম্যাচ দেখে খুশি হতে পারেননি। সমালোচনা করেছিলেন জাতীয় দলের। সেটিরই জবাব দিতে গিয়ে ডি ক্রুইফ বেশ ক্ষুব্ধ, ‘সকালে পত্রিকায় তাঁর মন্তব্য দেখে আমি হতাশ। তিনি আসলে জানেনই না, আমরা কী করছি। না জেনে এমন মন্তব্য করা ঠিক নয়। এটা আমি পছন্দ করি না।’এরপর এলেন আগের দিনের ম্যাচ প্রসঙ্গে। টানা অনুশীলনে খেলোয়াড়েরা ক্লান্ত ছিল, এটাই নাকি খেলোয়াড়েরা তাঁকে বলেছেন। এটা জানানোর পর কোচের সংযোজন, ‘তবে আজ তারা ভালো অনুশীলন করেছে। আজ আমি খুশি। সব ঠিক হয়ে যাবে।’ কথা উঠেছে ডি ক্রুইফের ছুটি কাটানো নিয়েও। ব্যাংকক থেকেই হল্যান্ড যান স্ত্রী আর তিন সন্তানকে ঢাকায় আনতে। কিন্তু পরশু ডি ক্রুইফ এসেছেন একা। মজার ব্যাপার, ক্রুইফ আসার পর গতকাল হল্যান্ড গেছেন সহকারী রেনে কোস্টার। ক্রুইফের পরিবার ও তাঁর নিজের পরিবারকে আনবেন রেনে।কথা হলো, ৩১ আগস্ট কাঠমান্ডুতে শুরু সাফ টুর্নামেন্ট সামনে রেখে এভাবে কোচদের ছুটি কাটানো দলের ওপর প্রভাব ফেলছে কি না? প্রশ্নটা শুনে ডি ক্রুইফের চোখমুখে বিরক্তি। এটাকে ছুটি হিসেবেই মানতে রাজি নন কোচ, ‘বাফুফের সঙ্গে চুক্তি অনুযায়ী জুলাইয়ের শুরু থেকেই আমাদের পরিবারের সদস্যদের ঢাকায় আনার কথা। কিন্তু আনা যায়নি। এখন তো আনতেই হবে। তাই আমি গিয়েছিলাম সাত দিনের জন্য। ছুটি কাটাতে যাইনি।’প্রসঙ্গ পাল্টে আবার খেলা। পরশু বাফুফে একাদশের হয়ে জাতীয় দলের বিপক্ষে অনুশীলন ম্যাচে একমাত্র গোলটি করা আমিনুর রহমানকে (সজীব) মনে ধরেছে কোচের। গতকালই আমিনুরকে ক্যাম্পে ডাকা হয়েছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন ফেনী সকারের স্ট্রাইকার। এর আগে ডিফেন্ডার রেজাউলকেও একইভাবে ক্যাম্পে ডাকেন বাংলাদেশ দলের প্রধান কোচ। যার অর্থ, সাফ শিরোপাকে পাখির চোখ করে যখন যাঁকে ভালো লাগছে, তাঁকেই যাচাই করছেন ক্যাম্পে এনে।