মুখ খুললেন মরিনহো
অসুখী ক্রিস্টিয়ানো রোনালদোও যদি জোড়া গোল করেন, তাতে তাঁর সুখ-অসুখ নিয়ে কোনো মাথাব্যথা নেই ‘স্পেশাল ওয়ান’-এর। রোনালদোর সেই বোমা ফাটানো মন্তব্যের পর এই প্রথম সংবাদমাধ্যমে মুখ খুললেন হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, ‘অসুখী’ রোনালদো নিয়ে তিনি ভাবিত নন। বিড়াল সাদা কি কালো সেটা যাচাই করা মরিনহো-দর্শনে পড়ে না। বিড়ালটা ইঁদুর ধরতে পারল কি না, সেটাই তাঁর কাছে বিবেচ্য।মরিনহোর বক্তব্য জানাটা খুবই দরকার ছিল। কারণ রোনালদোর ‘অসুখী’ হওয়ার কারণ কোচও হতে পারেন। এমনও তো হতে পারে, গেটাফে ম্যাচে যে তাঁকে ৬৫ মিনিটে তুলে নেওয়া হলো, এটাও পছন্দ হয়নি। রোনালদো হয়তো হ্যাটট্রিক করতে চেয়েছিলেন। পরশু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মরিনহো অবশ্য সব অনুসিদ্ধান্তই বাতিল করে দিলেন। স্বভাবসুলভ ভাষায় বললেন, সংবাদ-সংকটের সময়টায় রোনালদো আসলে সাংবাদিকদের গরম খবর উপহার দিয়েছেন, এর বেশি কিছু না, ‘১৫ দিন কোনো ফুটবল ছিল না, বাজে কিছু আন্তর্জাতিক ম্যাচ ছিল। কোনো উত্তেজনা নেই, গুরুত্বপূর্ণ কিছু নেই। ক্রিস্টিয়ানো আসলে সাংবাদিকদের জন্য স্বপ্নের ১৫টা দিন উপহার দিয়েছে। এখন ওর শান্তি দরকার, স্থিরতা দরকার। এখন ওর ফুটবলে মনোযোগ দেওয়া দরকার, যে খেলাটা ও ভালোই খেলে এবং সবচেয়ে উপভোগও করে।’স্বদেশি রোনালদোকে নিয়ে কোনো অভিযোগও নেই মরিনহোর, ‘ও যদি দুঃখী থাকার পরও এ রকম খেলে, তাতে আমার কোনো সমস্যা নেই। ও কঠোর পরিশ্রম করে, কখনো দুর্দান্ত খেলে, কখনো খুব বাজে। সব সময়ই তো আর গোল করতে পারবে না, ম্যাচের ভাগ্যও গড়ে দিতে পারবে না। তবে দলের জন্য ও সব সময়ই নিবেদিত। সে শৃঙ্খলাপরায়ণ ও আদর্শ খেলোয়াড়ও। অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই।’তবে এই বার্তাও মরিনহো দিলেন, রোনালদো তাঁর মতো না খেলতে পারলে তাঁকে মাঠ থেকে উঠে আসতেই হবে, ‘মাঠে ওর পারফরম্যান্স আপনাকে বিবেচনা করতে হবে, অন্য কিছু নয়। ও যদি ৮০তম মিনিটে গিয়ে ভয়াবহ খারাপ খেলে এবং ক্লান্ত থাকে, ওকে তুলে নিয়ে অন্য কোনো খেলোয়াড় নামাতে হবেই।’মরিনহো শুধু একটা জিনিস নিয়েই ভাবেন—দলের খেলার মান, ‘আমি একজন ফুটবল কোচ। ম্যাচের ফলাফলের জন্য দায়ী। এ কারণেই ফল ভালো না হলে আপনারা (সাংবাদিকেরা) আমাকে খুন করে ফেলেন। এ কারণেই আমাকে শুধু এটার ওপরই মনোযোগ দিতে হবে।’কোচের পাশাপাশি দলের অধিনায়কের বক্তব্যও পাওয়া গেল। মাদ্রিদের কিছু কিছু পত্রিকায় লেখা হয়েছে, রিয়ালের ড্রেসিংরুমে পর্তুগিজ ভাষাভাষীদের সঙ্গে স্প্যানিশ ভাষাভাষীদের বিরোধ আছে। কিন্তু ইকার ক্যাসিয়াস এটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেছেন, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো। কোনো ধরনের সমস্যাই তাঁদের মধ্যে নেই। রয়টার্স, ওয়েবসাইট।