মুখ খুললেন মাইকেল ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃসময় কাটিয়ে ওঠার দাওয়াই পেতে যোগ্য ‘কবিরাজের’ কাছেই গিয়েছিলেন মাইকেল ক্লার্ক। নাম তাঁর শেন ওয়ার্ন! সিমোনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকবারই পুড়েছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনার। সেই সময়টা পাশ কাটিয়ে ঠিকই মাঠে ফিরেছেন। তাঁর খেলায় কোনো প্রভাবও পড়েনি।লারা বিঙ্গলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ক্রিকেটে পুরোপুরি মনোনিবেশ করতে কী করতে হবে—সেই পরামর্শ ওয়ার্নের কাছ থেকে নিয়েছেন ক্লার্ক। ঘটনাবহুল গত কয়েক দিনের পর কালই প্রথম মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ‘আমি ওয়ার্নির সঙ্গে কথা বলেছি। আমি আমার অনেক বন্ধুর সঙ্গে কথা বলেছি। পরিবারের সঙ্গে কথা বলেছি। ওয়ার্নির সঙ্গে অনেক দিন ধরে আমার বন্ধুত্ব। নিউজিল্যান্ডে আমাকে ফিরতে দেখে ও উচ্ছ্বসিত। শুক্রবারের টেস্ট ম্যাচের জন্য আমাকে শুভকামনাও জানিয়েছে।’দ্বিতীয় ওয়ানডের পর ক্লার্ক দল ছেড়ে ছুটে গিয়েছিলেন বিপন্ন প্রেমিকার পাশে দাঁড়াতে। শেষ পর্যন্ত ফল হয়েছে, তিন বছরের সম্পর্কের ইতি! অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশঙ্কা, মাঠের বাইরের এসব উটকো ঝামেলা খেলায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্লার্ক অবশ্য বলছেন, যা হয়েছে সবই তাঁর কাছে অতীত। মাঠে যখন নামবেন, একজন পেশাদার ক্রিকেটারকেই দেখবে সবাই, ‘প্রথমে আমি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিকই, কিন্তু এর পর ফিরে এসেছি, কারণ আমি জানি, শুক্রবার থেকে একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। আমি জানি, আমি এর জন্য তৈরি। ক্যারিয়ারের শুরু থেকেই প্রস্তুতি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এখনো তা-ই আছে। গতকাল (পরশু) নেটে বেশ কিছু সময় কাটিয়েছে, ব্যাট করেছি, লাল বলে খেলেছি।’দলে তাঁকে উষ্ণ অভ্যর্থনাই জানানো হয়েছে। ক্লার্ক অবশ্য স্বীকার করলেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় এমন হইচই হবে সেটি তিনি আশাই করেননি। তবে মেনে নিয়েছেন, তারকাখ্যাতির এই বিড়ম্বনা সহ্য না করে উপায় নেই, ‘এটা আমাদের জীবনেরই অংশ। পেশাদার খেলোয়াড়দের নিয়ে আগ্রহটা শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, মাঠের বাইরে আমরা কী করি, তাতেও চোখ থাকে সবার। আমাদের সেটা মেনে নিতে হবে। এখন স্বাভাবিক জীবনে ফেরা আমার জন্য গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ সতীর্থদের কাছে ফিরে যাওয়া। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার জন্য পুরোপুরি মনোনিবেশ করা। আমার সতীর্থরা দুর্দান্ত। ওরা খুবই সমর্থন করেছে আমাকে। ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেটারদের সংগঠন, বন্ধু, পরিবার সবাই। এ কারণেই আমি এখানে ফিরে এসেছি। শুক্রবার অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করতে চাইছি।’আশঙ্কা করা হচ্ছে, দর্শকদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। ক্লার্ক এর জন্যও প্রস্তুত, ‘জানি, দর্শকেরা একটু খোঁচাবে। তাতে খুব একটা আপত্তি নেই। বিশ্বের সব জায়গাতেই দর্শকেরা চায় তাদের দলই জিতুক। শুক্রবার কী হয় এখন দেখাই যাক। তবে আমি মনে করি না, এটা আমাকে খুব বেশি প্রভাবিত করবে।’ ওয়েবসাইট।