মুখ খুললেন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুটি সিরিজ হার। আর তাতেই গেল গেল রব উঠে গেল পাকিস্তানে। প্রশ্ন উঠে গেছে মিসবাহ-উল-হকের অধিনায়কত্ব নিয়ে। সবাই ভুলেই গেছে পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পর মিসবাহ এই প্রথম সিরিজ হারলেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার আগে তিনি যে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে পাকিস্তানকে টানা ১২টি সিরিজ জিতিয়েছেন, সেটাও সবাই দ্রুতই বিস্মৃত!সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে মিসবাহ সমালোচকদের অনুরোধ করেছেন আতঙ্ক সৃষ্টি না করতে। নিজ শহর লাহোরে ফিরে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘আমি অবাক হয়ে গেছি যে মাত্র একটি খারাপ সিরিজের পরই কিছু লোক দলে পরিবর্তন চাচ্ছেন, আর আমার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছেন।’কয়েকজন সাবেক ক্রিকেটার ও গণমাধ্যমের কিছু অংশ পরাজয়ের সমালোচনা করে মিসবাহকে শুধু টেস্টে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গেই মিসবাহর কথা, ‘আমার মনে হয় না, আমাদের আতঙ্ক ছড়ানো উচিত আর তিন ফরম্যাটেই অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’অধিনায়কত্ব ও দল নির্বাচনের ব্যাপারটা একান্তই ক্রিকেট বোর্ডের ব্যাপার বললেও মিসবাহর কথায় ফুটে উঠেছে বর্তমান দল নিয়ে তাঁর আস্থার কথা। ‘আমার চিন্তাভাবনা পরিষ্কার, আমাদের একটা বাজে সিরিজ গেছে, কিন্তু এই দলটাই খুব ভালোভাবে ফিরে আসতে পারে। আমাদের শুধু ব্যাটিংয়ের মতো কিছু দুর্বল জায়গা নিয়ে কাজ করতে হবে। ভুলে গেলে চলবে না, ঠিক এই দলটিই গত এক বছরে প্রতিটি দলের সঙ্গেই জিতেছে। মাত্র একটা খারাপ পারফরম্যান্সেই দলে অনেক পরিবর্তন আসতে পারে না।’১২ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগেই ডেভ হোয়াটমোরকে পাকিস্তানের কোচ নিয়োগ করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিসবাহ, ‘তিনি যদি আসেন, তাহলে আমাদের দলের জন্য অনেক কিছুই করতে পারবেন।’ রয়টার্স।