মুখ খুললেন সৌরভ
আইপিএলের গত তিনটি আসরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে অবিক্রীত থেকে গেছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউ। কয়েক দিন লজ্জাজনক ও বিব্রতকর পরিস্থিতি নীরবে সহ্য করার পর এবার মুখ খুললেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।‘আমি কখনোই রাজনীতি করিনি। আমি যদি রাজনীতি করতাম, তাহলে এ পর্যায়ে আসতে পারতাম না। বাস্তব অভিজ্ঞতায় আমি বলি, যত কিছুই করুন, চিরদিন শীর্ষে থাকতে পারবেন না আপনি’—আইপিএলে তাঁকে না রাখার ইঙ্গিত দিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন সৌরভ।আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আগেই। আইপিএলে খেলছিলেন, কিন্তু এবারের নিলামে নেয়নি কেউ। বয়সও হয়ে গেছে ৩৮। এ পরিস্থিতিতে ক্রিকেটকে বিদায় জানাবেন কি না, প্রশ্নে সৌরভ বলেন, অবসর নেওয়ার কোনো বয়স নেই। যতক্ষণ আপনি ভালো খেলতে পারবেন, বয়স বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পিটিআই।